২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

মামুন উর রহমান চয়নের চমৎকার হ্যাটট্রিকের সুবাদে যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ ৫ -  ৩ গোলে হারিয়েছে ইরানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

এই জয়সহ টানা তিন জয়ে এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ। স্বাগতিকরা ১৬ মে তাদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওমানের।

পুরো ম্যাচে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে খেললেও ইরানের খেলোয়াড়রাও স্থানীয় দর্শকদের হতাশায় ডুবিয়ে তিনটি গোল আদায় করে নেয়। প্রথমার্ধে বিজয়ী দল ১ -- ০ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশের তিন গোল হজম করার কারণ হিসেবে দলের কোচ জামাল হায়দার ডিফেন্ডার আসাদুজ্জামানের হলুদ কার্ডকেই দায়ী করেছেন। ম্যাচ শেষে মাঠে উপস্থিত সাংবাদিকদের কোচ জামাল বলেন, আসাদুজ্জামানের অনুপস্থিতির কারণে ডিফেন্সে সৃষ্ট শুন্যতাকে সফলভাবে কাজে লাগিয়েছে ইরান।

বাংলাদেশ দলের কর্নার স্পেশালিষ্ট চয়ন পেনাল্টি কর্নার থেকে পরপর তিন গোল করে দলে নিজের অপরিহার্যতা আবারও প্রমান করেছেন। চয়ন তিনটি গোলই করেছেন একই কায়দায়।

খেলার ২৬ মিনিটে বাংলাদেশকে প্রথম গোল উপহার দেন জাহিদ বিন তালিব। এরপর ৪০, ৪৩ এবং ৫২ মিনিটে তিনটি গোল করে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান চয়ন।

কিন্তু ইরান মাত্র দশ মিনিটের ব্যবধানে পরপর তিন গোল করে ব্যবধান ৪ -- ৩ এ পরিনত করে। ইরানের অধিনায়ক কোমতি ৫৪ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৬৩ এবং ৬৪ মিনিটে আরও দু’টি করেন আব্বাসী।

৬৫ মিনিটে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেন শামিম (৫ - ৩)।

চমৎকার হ্যাটট্রিক চয়নকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার।

দিনের অপর ম্যাচে সিঙ্গাপুর ৩ - ১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ১২ মিনিটে কামসানি, ৪২ মিনিটে ইব্রাহিম এবং শন ৪৫ মিনিটে গোল তিনটি করেন।

শ্রীলঙ্কার হয়ে ৫২ মিনিটে একটি গোল পরিশোধ করেন আবেরতেœ।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিঙ্গাপুরের হরজিত।