আর্ন্তজাতিক ক্রীড়ায় প্রতিনিধি নির্বাচনে সতর্ক হোন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভবিষ্যতে বিভিন্ন আর্ন্তজাতিক ক্রীড়ার আসরে দেশের পক্ষে প্রতিনিধি নির্বাচনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী রোববার জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০৫ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের কতিপয় সদস্যের কিছু অনাকাংখিত আচরণ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ভবিষ্যতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. আবুল কাশেম মাহবুবুল আলম।
যোগাযোগমন্ত্রী এবং মোহামেডান স্পের্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্ন্তজাতিক ক্রীড়ার ক্ষেত্রে প্রতিনিধি নির্বাচনে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার নিদের্শ দেওয়ার পাশাপাশি যারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন তাদের যথাযথ সম্মান প্রদানেরও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় বাংলাদেশের অর্জন একেবারে কম নয়। ক্রিকেট, ফুটবল, শ্যূটিং, দাবা, সাঁতার, কাবাডি প্রভৃতি ইভেন্টে বাংলাদেশ উল্লেখ করার মত সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য গর্ব করার মত।
খালেদা জিয়া আশা প্রকাশ করে বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে সংশ্লিষ্টরা এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেবেন।
প্রধানমন্ত্রী ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে বাংলাদেশের সাফল্য কামনা করেন।
যেসমস্ত সেক্টরে সাফল্য আসবে সেসব সেক্টরে সরকারের সর্বাধিক সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়া পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জনান এবং দেশের ক্রীড়াঙ্গনের বিকাশ ও উন্নয়নে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০৫ প্রাপ্ত প্রত্যেক ক্রীড়াবিদ এবং সংগঠককে একটি স্বর্নপদক, ২০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা পদক গ্রহন করেছেন তারা হলেন- গোলাম আম্বিয়া, নজরুল ইসলাম রুমী (অ্যাথলেটিকস), মেজর (অব:) শাহাব উদ্দিন চাকলাদার (হকি), সেতারা বেগম (সাঁতার), বিদ্যুৎ কুমার রায় (ভারোত্তোলন), মাহবুব উল আলম (জুডো), জিয়াউর রহমান (কাবাডি), এস এ সুলতান এমপি (সংগঠক) এবং শাহ নুরুল কবির শাহীন (সংগঠক)।
এছাড়া মরহুম ফুটবলার মোনেম মুন্নার পক্ষে তার স্ত্রী সুরভী এবং গলফ খেলোয়াড় সিদ্দিকুর রহমানের পক্ষে রফিকুল ইসলাম পুরস্কার গ্রহন করেন।
