যুক্তরাষ্ট্র ও কানাডায় ওয়ান ডে সিরিজ আয়োজনে আইসিসি’র সম্মতি
যুক্তরাষ্ট্র ও কানাডায় ভারত--ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ান ডে সিরিজ আয়োজনের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে সেখানকার লাভজনক বাজার কাজে লাগাতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একদিনের আন্তর্জাতিক সিরিজ আয়োজনের বিষয়ে আইসিসি কাছে আবেদন জানালে তারা এতে সম্মত হয়।
এ বছরের আগস্ট--সেপ্টেম্বর মাসে কানাডা ও যুক্তরাষ্ট্রে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে একমত হয়েছে বিসিসিআই এবং ডব্লিউআইসিবি।
আইসিসি’র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বলেন, “যুক্তরাষ্ট্রে দর্শক ও বাজার সৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের এটি সুবর্ণ সুযোগ।”
স্পিড আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও কানাডায় ম্যাচগুলো আয়োজিত হতে যাচ্ছে বলে আইসিসি’র পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ডব্লিউআইসিবি ও বিসিসিআই’র মধ্যেকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই টুর্নামেন্টটি আয়োজনের বিষয়ে অগ্রণী-ভূমিকা পালন করার জন্য ডব্লিউআইসিবি’কে ধন্যবাদ জানাই।”
