পেশাদার ফুটবল লিগে খেলতে আগ্রহী দশটি দল
দেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে পেশাদার ফুটবল লিগ। আর এই লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছে দশটি দল। শনিবার ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পেশাদার লিগ আয়োজনে ব্যাপারে ফুটবল ক্লাবগুলোর মতামত জানতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিখিতভাবে ক্লাবগুলোর মতামত জানানোর জন্য সময়ও নির্দিষ্ট করা ছিল শুক্রবার পর্যন্ত। নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে দশটি ক্লাব পেশাদার লিগে খেলার ব্যাপারে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে।
পেশাদার লিগে খেলতে ইচ্ছুক দলগুলো হচ্ছে- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, আরামবাগ ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্লাব।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মৌখিকভাবে লিগে খেলার আগ্রহ প্রকাশ করলেও এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানায়নি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের পরামর্শ অনুযায়ী বাফুফে আগামী সেপ্টেম্বর থেকেই সারাদেশের ১০ -- ১২ টি দল নিয়ে পেশাদার লিগ চালু করতে বদ্ধপরিকর। আগামী মঙ্গলবার ফেডারেশনের নির্বাহী সভাতেও পেশাদার লিগ চালুর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে।
এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বিডিনিউজকে বলেন, ফেডারেশনের নির্বাহী কমিটির অনুমোদন নিয়ে মঙ্গলবারই আমরা পেশাদার লিগে অংশগ্রহনকারী দলগুলোর নাম ঘোষণা করতে পারবো বলে আশা করছি।
কিন্তু ফেডারেশনের অপর একটি সূত্র জানিয়েছে, নির্বাহী কমিটির সভায় পেশাদার লিগে অংশগ্রহনকারী দলগুলোর নাম ঘোষণা করা হবে না, এর জন্য আরও সময় নেয়া হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, অগ্রনী ব্যাংক স্পোর্টিং ক্লাব, মহাখালী একাদশ, দিপালী যুব সংঘ, এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথেও পেশাদার লিগ চালু নিয়ে আলোচনা করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু ক্লাব এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সাথে আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি।
