এএফসি কাপ খেলতে ভারত গেলো ব্রাদার্স ইউনিয়ন
এএফসি কাপে মহেন্দ্র ইউনাইটেডের বিরুদ্ধে এ গ্রুপের শেষ ম্যাচ খেলতে শনিবার সকালে ঢাকা ছেড়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
২০ সদস্যের ব্রাদার্সের স্কোয়াডে ১৭ ফুটবলার ছাড়াও রয়েছেন কোচ, ম্যানেজার এবং একজন বলবয়। ভারতের পিজেএন স্টেডিয়ামে মঙ্গলবার লড়াইয়ে নামবে দু’দল।
ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া ব্রাদার্সের ভান্ডারে পাঁচ ম্যাচ থেকে জমা হয়েছে মাত্র দুই পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মহেন্দ্রর সংগ্রহ ছয় পয়েন্ট। মহেন্দ্র এবং বাহরাইনের আল মুহাররকের (১১ পয়েন্ট) সাথে দু’টি হোম ম্যাচে যথাক্রমে ২ --২ এবং গোলশুন্য ড্র করে দুই পয়েন্ট সংগ্রহ করে ব্রাদার্স।
ব্রাদার্স ম্যানেজার আমের খান বেনাপোল থেকে টেলিফোনে বিডিনিউজকে বলেন, মহেন্দ্রর বিরুদ্ধে জয়ের আশা করছি কিন্তু আদৌ তা সম্ভব হবে কি হবেনা সেটা জানিনা।
আমের আরও বলেন, মহেন্দ্র ইউনাইটেড এবং আল মুহাররক এরইমধ্যে ২০০৭ এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে, আল আহেদও শিরোপা জয়ের পথে রয়েছে। কিন্তু আমারা দলবদলই শুরু করতে পারিনি।
ভারতের জাতীয় ফুটবল লিগে সম্প্রতি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ - ০ গোলে বিধ্বস্ত করা মহেন্দ্র ইউনাইটেডের বিরুদ্ধে জয় না হলেও অন্তত ড্রয়ের আশা করছেন আমের খান।
