১০০ মিটার দৌঁড়ে গ্যাটলিনের বিশ্ব রেকর্ড
অলিম্পিক চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিন শুক্রবার দোহায় আইএএএফ ট্যুর অ্যাথলেটিকসের একশ মিটার দৌঁড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
আসাফা পাওয়েলের রেকর্ডকে ছাড়িয়ে ২৪ বছর বয়সী এই আমেরিকান রেকর্ড গড়তে সময় নেন নয় দশমিক ৭৬ সেকেন্ড।
বিশ্ব রেকর্ড গড়ার পর গ্যাটলিন বলেন, আমার মনে হয় আমিই সেরা। দু’বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং একবার অলিম্পিক চ্যাম্পিয়নের পর এবং এখন আমি বিশ্বরেকর্ডধারী।
তবে তিনি আরও দ্রত দৌঁড়ানোর সামর্থ্য রাখেন বলে মনে করেন গ্যাটলিন।
গ্যাটলিনের জন্য এই মৌসুমটা পয়মন্ত বলেই মনে হচ্ছে। এর আগে ওসাকায় মৌসুমের প্রথম দৌঁড়ে নয় দশমিক ৯৫ সেকেন্ড এবং দোহায় সেমিফাইনালে নয় দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে প্রতিদিনই একটু একটু করে উন্নতি করেছেন গ্যাটলিন।
এথেন্স অলিম্পিকে দোহায় গড়া বিশ্বরেকর্ড সময়ের চাইতে দশমিক শুন্য নয় সেকেন্ড (নয় দশমিক ৮৫ সেকেন্ড) বেশি সময় নিয়ে পদক জিতেছিলেন তিনি।
দোহায় চুড়ান্ত দৌঁড়ের মাঝামাঝিতে একটা পর্যায়ে স্বদেশী টেরেন্স ট্রামেল এবং গ্যাটলিনের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দু’জনের মধ্যে দুরত্ব ছিল ৪০ মিটারের মত।
গত বছর এথেন্স অলিম্পিকের সময় থেকেই জ্যামাইকার আসাফা পাওয়েলের সাথে প্রতিদ্বন্দ্বিতা গ্যাটলিনের। তবে এথেন্সে গ্যাটলিন সফল হলেও পাওয়েলকে পঞ্চম স্থান নিয়ে দেশে ফিরে যেতে হয়।
তবে ১১ জুন গেটসহেড গ্রাঁ প্রিতে আবারও পুরোনো লড়াইতে ফিরবেন এই দুই প্রতিদ্বন্দ্বি। গ্যাটলিন এবং পাওয়েল গত জুলাইতে শেষবার লড়াই করেছেন লন্ডন গ্রাঁ প্রিতে। এখানেও সফল হয়েছেন গ্যাটলিন কিন্তু গ্রোয়েন ইরজুরির কারণে প্রতিযোগিতা তো বটেই বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়েন পাওয়েল।
