বিশ্বকাপ শুরুর পূর্বেই সংকটের মুখোমুখি ফিফা
বেলজিয়ামের একটি আদালত সোমবার ফিফা’র বিরুদ্ধে ইউরোপের ক্লাবগুলোর সমর্থনে বেলজিয়ান ক্লাব চার্লরোই-এর আনীত অভিযোগের রায় ঘোষণা করতে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর মাত্র ১ মাস আগে সৃষ্ট এই পরিস্থিতি ফিফাকে সংকটের মধ্যে ফেলবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
বেলজিয়ামের ক্লাব চার্লরোই তাদের দলীয় খেলোয়াড় আবদেল মজিদ আউলমারস আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গিয়ে আহত হলে ইউরোপের ১৮টি ধনী ফুটবল ক্লাবের সমর্থনে ফিফা’র নিয়মের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ক্ষতিপূরণ দাবি করে।
তবে মামলাটির তিনজন বিচারক মামলাটি নিস্পত্তির জন্য ইউরোপীয়ান ‘কোর্ট অব জাস্টিসে’ পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতিপূর্বে আদালত ১২ বছর আগে ‘বসম্যান’ নীতির মাধ্যমে ফুটবল জগতে একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিল। এই নীতি অনুযায়ী বর্তমানে যে কোন দেশের ফুটবলার যে কোন দেশের ফুটবল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে পারে।
চার্লরোই ক্লাব দাবি করছে যে, ২০০৪ সালের নভেম্বরে তাদের ফুটবলার আবদেল মজিদ বার্কিনা ফাসোর সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে আহত হন। ফলে বেলজিয়ান লীগে চার্লরোই দলের সাফল্যের সম্ভাবনা কমে যায়।
ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাই পর্বের খেলাগুলোসহ যে কোন আন্তর্জাতিক পর্যায়ের খেলার জন্য ক্লাবগুলো তাদের স্বদেশী ও বিদেশী ফুটবলারদের স্ব স্ব জাতীয় দলে খেলতে দিতে বাধ্য থাকে।
ফিফা বলেছে গত বছর বেলজিয়ান লীগে চার্লরোই দলের ৫ম অবস্থানের সাথে আবদেল মজিদের আহত হবার কোনো সম্পর্কই নেই। মামলাটি নিয়ে চার্লরোই-এর শেষ মুহূর্তের সমঝোতার প্রস্তাবটিও নাকচ করে দিয়েছে ফিফা।
ফিফা’র সঙ্গে জড়িত অনেক জাতীয় সংগঠনের নাম এই মামলার কাগজপত্রে উল্লেখ থাকলেও ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানীর নাম এ মামলায় উল্লেখ করা হয়নি।
ধনী ক্লাবগুলো দাবি করছে ফিফার এই একচ্ছত্র মনোভাব ও নীতি ইউরোপীয়ান ইউনিয়ন নীতির পরিপন্থি।
