২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

যমুনা ব্যাংক এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্ট হকিতে স্বাগতিক বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় খেলায় স্বাগতিক দল সফরকারী শ্রীলঙ্কাকে ৩--০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বাংলাদেশের পক্ষে মাকসুদুল আলম হাবুল দু’টি ও শামীম অপর গোলটি করেন।

এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে দুই খেলায় বাংলাদেশের সংগ্রহ ছয়। বৃহস্পতিবার একই মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩--২ গোল ব্যবধানে চাইনিজ তাইপেকে হারায়। 

শুক্রবার খেলায় স্বাগতিক দল খেলার প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও তারা আক্রমণাত্মক খেলা অব্যাহত রেখেছে। পুরো খেলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আক্রমণ ঠেকাতেই ব্যস্ত রেখেছে তারা।

খেলার ৫৩ মিনিটের মাথায় বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। বিপ্লবের কাছ থেকে বল পেয়ে তা প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন হাবুল। চার মিনিটের মধ্যে তিনটি উপুর্যপরি আক্রমণের ফসল হিসেবে স্বাগতিক দল এ গোল পায়।

পরের মিনিটেই জিমির সহায়তায় শামীম গোল করে ব্যবধান দ্বিগুন করেন। খেলার ৬৩ মিনিটের মাথায় জিমির একটি পাস দ্রুতগতিতে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হাবুল।

চমৎকার ক্রীড়া নৈপূণ্য প্রদর্শনের জন্য জিমিকে দিনের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। 

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ জামাল হায়দার সাংবাদিকদের বলেন, আমাদের ছেলেরা যে এ ম্যাচে জয়লাভ করবে সে ব্যাপারে আমি সবসময়ই আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের খেলার ফরম্যাটটাই ছিল একটা কৌশলের অংশ। উইং থেকে আক্রমণ করে জিমি তাদের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছে। আর এর ফলে প্রতিপক্ষ মাঝমাঠ থেকে খুব বেশি আক্রমণ করতে পারেনি।

স্বাগতিক দলের কাছে হারের জন্য শ্রীলঙ্কার কোচ মুলাফিন ভ্রমণক্লান্তি ও ভিন্ন পরিবেশকেই দায়ী করেছেন। তিনি বলেন, দীর্ঘ ভ্রমণ শেষে আমাদের এখানে আসতে হয়েছে। আর বাংলাদেশের পরিবেশের সাথে আমরা অভ্যস্ত নই।

তবে স্বাগতিক বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে বলে মুলাফিন স্বীকার করেন।

এর আগে একই মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় হংকং ৪--১ গোলের বিশাল ব্যবধানে ইরানকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২--০ ব্যবধানে এগিয়ে ছিল।

হংকংয়ের পক্ষে আসিফ আলী দু’টি এবং আরিফ আলী ও অধিনায়ক আকবর আলী একটি করে গোল করেন। ইরানের পক্ষে সিয়ামাক সান্ত¡নাসূচক একমাত্র গোলটি করেন।

দিনের সর্বশেষ খেলায় চাইনিজ তাইপে সিঙ্গাপুরকে ৪--০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১--০ গোলে এগিয়ে ছিল।