২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস বাছাই হকি অভিযান শুরু

কষ্টার্জিত এক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ পিছিয়ে পড়েও চাইনীজ তাইপের বিরুদ্ধে ৩ - ২ গোলে জয় পায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, সাধারণ সম্পাদক শামসুল বারীসহ ফেডারেশনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ ও তাইপের মধ্যকার ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচে বাংলাদেশের ইতস্তত শুরুর বিপরীতে অতিথি দলটির সূচনা ছিল দাপুটে। প্রথম ২৫ মিনিট স্বাগতিকদের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করে খেলে তাইপে। কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের গোলরক্ষক বাপ্পী বেশ কয়েকবার দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন।

অভিজ্ঞ ডিফেন্ডার ঈসা মিয়া, শাহিদুল্লাহ খোকন এবং ফারুকের অনুপস্থিতিতে তরুণদের নিয়ে গড়া রক্ষণভাগ যেমন ছিল নড়বড়ে তেমনি মুসা মিয়া, আশিকুর রহমান, মিরাজুল আহসান না থাকায় স্বাগতিকদের মাঝমাঠও ছিলো অগোছালো।

শেষ পর্যন্ত দলের এই দুই বিভাগে কিছুটা পরিবর্তন করায় খেলায় গতি ফিরে আসে। তাছাড়া গোলরক্ষক বাপ্পীর দুর্দান্ত পারফরম্যান্স স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখতে সক্ষম হয়।

গুছিয়ে ওঠার পরও ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করতে হয় স্থানীয় দলকে। প্রতিপক্ষের মিন কাউন, শেং ফান এবং কাউ হেংয়ের কম্বিনেশনে স্ট্রাইকার জুং চেন বল জালে ঠেলতে ভুল করেন নি।

২৯ মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমন থেকে সমতা সূচক গোল করে বাংলাদেশকে নির্ভার করেন জিমি, আর এরপরই ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় স্বাগিতকদের হাতে। 

বিরতির পর পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। চয়নের স্টিক থেকে গোলটি হয় খেলার ৬০ মিনিটে। সাত মিনিট পরই হাবুলের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় গোল করে ব্যবধান ৩ -- ১ এ উন্নীত করেন রাজন।

খেলার শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে আরেকটি পেনাল্টি কর্নার থেকে তাইপের হয়ে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন ইয়াও ওয়েন (৩ -- ২)।

বাংলাদেশের জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারতো, কিন্তু শিশু, জিমি, বদলী খেলোয়াড় হাবুল এবং উইংগার রাজন বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় তা সম্ভব হয়নি।

খেলা শেষে বাংলাদেশের অধিনায়ক জানান, প্রতিপক্ষকে বুঝে উঠতে তাদের ১৫ মিনিট সময় লেগেছে এবং এরপরই তারা আক্রমনে গেছে। পরের ম্যাচগুলোতে দলের পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশা করছেন অধিনায়ক।

এর আগে সকালে দিনের প্রথম ম্যাচে ওমান একই ব্যবধানে হারিয়েছে সিঙ্গাপুরকে। খেলার অষ্টম মিনিটে শনের ফিল্ড গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ওমানের আমজাদ সিদিক।

দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যেই ওমানকে দ্বিতীয় গোল এনে দেন সামির হালিয়াস। ৪২ মিনিটে ইব্রাহিমের পেনাল্টি গোলে খেলায় ফেরে সিঙ্গাপুর। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জয় সূচক গোল করেন ওমানের হুসাম আইয়াদ।