স্কুল ক্রিকেটের শিরোপা বিকেএসপির ঘরে
স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে বিকেএসপি। বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়কে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।
প্রথম ব্যাট করে পারজোয়ার কালিন্দি বিদ্যালয় ৪২ দশমিক এক ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। বিকেএসপির শাকিল আহেমদ মাত্র ছয় রান খরচায় চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।
কালিন্দির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নূর হোসেন। এছাড়া আলমগীর ২২ রান করেন। এই দু’জন ছাড়া দলের কোন ব্যাটসম্যানই দুই অংকের রান করতে সক্ষম হননি।
জবাবে বিকেএসপি ২৩ দশমিক তিন ওভারে পাঁচ উইকেট খুইয়ে ৯২ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে মোমিনুল হক ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক ২৩ এবং আঞ্জুম আহমেদ ১১ রান করেন।
খেলা শেষে শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান দু’দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম এ সময় উপস্থিত ছিলেন।
