২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মোকলেসুরের সেঞ্চুরি

ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ যুব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বুধবার বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মোকলেসুর অনবদ্য সেঞ্চুরির দেখা পেলেও রাজশাহীর বিরুদ্ধে নিজ দল নাটোরকে দুই উইকেটে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রথম ব্যাট করে নাটোর নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২০৩ রানের সম্মানজনক স্কোর গড়ে। মোকলেসুর ১৫১ বলে ডজনখানেক বাউন্ডারির মাধ্যমে করেন ১০৩ রান।

জবাবে রাজশাহী ৪৭ দশমিক চার ওভারে আট উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আরিফ সর্বোচ্চ ৬৫ এবং তালহা ৩৮ রান করেন।

বরগুনা স্টেডিয়ামে পিয়ারের মারাত্মক বোলিংয়ের সুবাদে বরিশাল (১২১/৩) সাত উইকেটে হারিয়েছে ভোলাকে (১১৮/১০)। পিয়ার ২৭ রানে ছয় উইকেট তুলে নিয়ে ভোলার ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন।

এছাড়া দিনের অন্যান্য খেলায় ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুন্সীগঞ্জ (১৫৭/৭) তিন উইকেটে ঢাকাকে (১৫৬/১০), চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বান্দরবান (১৩৭/৫) পাঁচ উইকেটে খাগড়াছড়িকে, ফরিদপুর স্টেডিয়ামে গাজীপুর (১৪৩/৭) তিন উইকেটে ময়মনসিংহকে (১৩৭/১০) এবং নাটোর স্টেডিয়ামে নওগাঁ (২২২/৯) এক উইকেটে বগুড়াকে (২১৯/৯) হারিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবির শাহীন এমপি, পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ নোমান, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু মুসা এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলী হোসেন এ সময় উপস্থিত ছিলেন।