২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার হুমকি, কম্বোডিয়ার পাল্টা জবাব

আর্ন্তজাতিক ফুটবলে নিষিদ্ধ করার ফিফার হুমকির তীব্র সমালোচনা করেছেন কম্বোডিয়ার নবনির্বাচিত ফুটবল প্রধান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

কম্বোডিয়ার জাতীয় মিলিটারি পুলিশ কমান্ডার এবং প্রধানমন্ত্রী হুন সেনের কাছের লোক হিসেবে পরিচিত জেনারেল সাও সোখা গত মাসে কম্বোডিয়া ফুটবল ফেডারেশনের (সিএফএফ) নতুন সভাপতি নির্বাচিত হন। সিএফএফ’র আগের সভাপতি এবং ফুনসিনপেক দলের রাজনীতিক খেক রাভির স্থলাভিষিক্ত হন সাও। ফুনসিনপেক হচ্ছে প্রধানমন্ত্রী হুনসেনের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের একটি ক্ষুদ্র শরিকদল।

সিএফএফ’র কাছে প্রেরিত এক চিঠিতে ফিফা বস সেপ ব্লাটার বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। সিএফএফ’র আগের সভাপতি খেক রাভিকে স্বপদে ফিরিয়ে নেয়া উচিত বলে মন্তব্য করেন ব্লাটার। ফিফার বসের চিঠিটি কম্বোডিয়ার গণমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচারিত হয়েছে।  

এদিকে ব্লাটারের চিঠির জবাবে সিএফএফ’র নতুন সভাপতি সাও সোখা জানান, কম্বোডিয়া সরকার কোন ভুল করেনি। তিনি বলেন, আমি আইনগতভাবেই নির্বাচিত হয়েছি এবং ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতিও আমার নির্বাচনকে মেনে নিয়েছেন।

কম্বোডিয়ার জনপ্রিয় দৈনিক নমপেন পোস্ট জানিয়েছে, সাও সোখার নির্বাচনের কারণে কম্বোডিয়াকে আর্ন্তজাতিক অঙ্গনে নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির জন্য বার্ষিক আড়াই লাখ ডলারের সাহায্য প্রত্যাহার করে নেয়ারও হুমকি দিয়েছে ফিফা।

সাও সোখা বেশ কঠোরভাবেই ফিফার হুমকির সমালোচনা করেছেন। তিনি বলেন, নির্বাচনে সরকারের কোন হস্তক্ষেপ ছিল না। আমি ফিফাকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেছি, কিন্তু ফিফা অনুরোধ না রাখলে আমি তাদের কাছে মাথা নত করবো না। তাছাড়া আর্ন্তজাতিক ফুটবলে নিষিদ্ধ করা হলে কম্বোডিয়া মরে যাবে না বলে জানান সাও সোখা।