স্কুল ক্রিকেটের ফাইনালে বিকেএসপি
মোহিনুল হকের চমৎকার অল রাউন্ড পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিকেএসপি ২২ রানে মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
প্রথম ব্যাট করে বিকেএসপি ৪৮ দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করে। দলের পক্ষে মোহিনুল ৭৫ বলে ছয়টি চার এবং চারটি ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন।
এছাড়া আশিকুল আলম ৪৪, আঞ্জুম আহমেদ ৩১ এবং আসিফ আহমেদ ২০ রান করেন। মাসকাটা দীঘির বিদ্যালয়ের ফয়সাল তিনটি এবং সেলিম রেজা দু’টি উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাসকাটা দীঘি উচ্চ বিদ্যালয় ৫০ ওভারে আট উইকেটে ২০২ রান করতে সক্ষম হয়। সোহাগ ১০০ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন। এছাড়া টপ অর্ডারে ফয়জুল্লাহ ৩৭ এবং রকি ৩২ রান করেন।
বিজয়ী দলের মোহিনুল ৩৭ রানে তিন উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভের কারণে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় এবং পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি সমাপ্ত হতে পারেনি। সোমবার রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোবারকের মৃত্যুতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে।
খেলা বাতিল হওয়ার আগে কালিন্দি উচ্চ বিদ্যালয়ের ৫০ ওভারে আট উইকেটে ২৮৮ রানের জবাবে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় ৪৪ দশমিক তিন ওভারে আট উইকেটে ২২৬ রান করে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১১ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
