বৃহস্পতিবার শুরু হচ্ছে এশিয়ান গেমস বাছাই হকি, অনিশ্চিত ইন্দোনেশিয়া
আর মাত্র একদিন পর, বৃহস্পতিবার (১১ মে) থেকেই শুরু হচ্ছে যমুনা ব্যাংক এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট। অথচ টুর্নামেন্টে অংশগ্রহনকারী ইন্দোনেশিয়া দলের এখনও কোন পাত্তাই নেই। ইন্দোনেশিয়াকে নিয়ে অন্ধকারে রয়েছে খোদ বাংলাদেশ হকি ফেডারেশনও।
এলজিআরডি এবং সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। টুর্নামেন্ট চলবে ১৯ মে পর্যন্ত।
এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী জানিয়েছিলেন, টুর্নামেন্টে মোট আটটি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম এবং সহ সভাপতি শাহীন মাহমুদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইন্দোনেশিয়া সম্পর্কে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী উদ্বেগ প্রকাশ করে জানান, ইন্দোনেশিয়ার ঢাকায় আসার ব্যাপারটি নিয়ে ফেডারেশন এখনও অন্ধকারে রয়েছে। তিনি জানান, ইন্দোনেশিয়া শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিলে টুর্নামেন্ট পরিচালক সুরিন্দর ধীলন টুর্নামেন্টের শিডিউল পরিবর্তন করবেন। সুরন্দির বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তাছাড়া সবকিছুই এশিয়ান হকি ফেডারেশনকে জানানো হবে বলে উল্লেখ করেছেন বারী।
প্রথমবারের মত আয়োজিত এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্ট থেকে এর আগে তাজিকিস্তানও নাম প্রত্যাহার করে নেয়।
এ বছর ডিসেম্বরে কাতারের দোহায় বসবে এশিয়ান গেমসের আসর।
