জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় বুধবার থেকে দেশের ১১টি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে ঢাকা ব্যাংক জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট টুর্নামেন্ট।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিসিবি সভাপতি আলী আসগর লবী এবং বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তরা এ সময় উপস্থিত থাকবেন।
৬২ টি জেলা এবং দু’টি শিক্ষা প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দু’টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিকেএসপি এবং যশোর শিক্ষা বোর্ড। শেরপুর এবং সুনামগঞ্জ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।
প্রাথমিক পর্যায়ে দলগুলো মোট ১১ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরবর্তীতে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ঢাকায় চুড়ান্ত পর্বে খেলবে। গ্রুপ পর্যায়ের ভেন্যুগুলো হচ্ছে- বরগুনা, হবিগঞ্জ, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম), কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, বগুড়া, নাটোর, মাগুরা, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম) এবং বিকেএসপি।
টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলাগুলো নকআউট ভিত্তিক ৫০ ওভারের ম্যাচ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা এবং মুন্সীগঞ্জ।
