কমনওয়েলথ গেমস: ট্যাক্সিচালকদের জন্য ইংরেজি কোর্স
কমনওয়েলথ গেমসে অতিথিদের সুবিধার্থে ভারতের ট্যাক্সি ও অটোরিক্সাচালকদের জন্য বিশেষ ইংরেজি কোর্স চালু করা হচ্ছে।
২০১০ সালে নয়াদিল্লীতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে বিদেশ থেকে আগত অতিথিদের সুবিধার্থে আগামী জুলাই থেকে চার বছরের এ বিশেষ কোর্স চালু করা হবে।
নতুন এ নিয়ম অনুযায়ী, প্রতিবছর ড্রাইভারদেরকে তাদের পরিবহনের রাস্তায় চলাচলের উপযোগিতা প্রমাণের পাশাপাশি ভাষাগত দক্ষতা সংক্রান্ত পরীক্ষাতেও অবশ্যই পাশ করতে হবে।
নয়াদিল্লীর পরিবহন কমিশনার ভি এস মদন বলেন, শহরে বিদেশী কোন ব্যক্তি আসার পর প্রথমেই ট্যাক্সি বা অটোরিক্সাচালকদের সংস্পর্শে আসে। তাই তারা যাতে ভালভাবে অতিথিদের সাথে কথা বলতে পারে এজন্যই এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
এ কোর্সের জন্য ড্রাইভারদেরকে অডিও ক্যাসেট দেওয়া হবে যাতে করে ভাড়ার জন্য অপেক্ষা করার সময় তারা তা শুনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে।
কর্তৃপক্ষ চাচ্ছেন, এ প্রশিক্ষণের পর ড্রাইভারদের ইংরেজি শব্দভান্ডার বেড়ে যাবে। আর এতে করে কমনওয়েলথ গেমস শুরু হলে ড্রাইভাররা বিদেশীদের সাথে কথা বলতে, তাদেরকে পছন্দনীয় রেস্তোঁরায় পৌঁছে দিতে এবং ক্রিকেট নিয়ে আলোচনা করতে সক্ষম হবে।
