বিশ্বকাপ ফুটবল সম্পর্কে বুশ
বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জানিয়েছেন, যখন তিনি তরুণ ছিলেন তখন জানতেননা ফুটবল দেখতে কেমন। তবে আমেরিকার বর্তমান ফুটবল প্রজন্ম সারা বিশ্বের সাথে ঠিকই তাল মিলিয়ে চলছে।
এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুশ বলেন, “আমি যখন ছোট ছিলাম কখনই ফুটবল দেখিনি এবং আমার সময়ে তেমন ফুটবল খেলা হতো না আমেরিকায়।”
তবে ফুটবল সম্পর্কে নিজের অনীহা প্রকাশ করেই বিষয়টি শেষ করেননি। তিনি তার মতামতের সাথে যুক্ত করেছেন পুরো মার্কিন জনগোষ্ঠীকে।
বুশ বলেন, “খেলাটার আদলে কোনও অস্তিত্বই ছিল না। তাই গোটা মার্কিন প্রজন্মই ফুটবল ভক্ত নয়।”
তবে প্রেসিডেন্ট বুশ ফুটবল পছন্দ না করলেও ফুটবলের গুরুত্বটা ঠিকই বুঝেন।
তাই তিনি বলেন, “আমেরিকার নতুন প্রজন্মতো ফুটবলের সাথে বেড়ে উঠেছে। বিশ্বকাপ ফুটবল তাদের জন্য দারুন ব্যাপার। পৃথিবীতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জমকালো আসর। আমাদের মতো বুড়োরা সবে বুঝতে শিখেছে গোটা বিশ্বের জন্য ফুটবল কতটা গুরুত্বপূর্ণ।
৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে নিজ দল প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই আমার পছন্দের দল আমেরিকা। আমি সকলকে বলেছি, আমাদের দলটি বেশ সুসংগঠিত।”
