২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস বাছাই হকির জন্য জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ

এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘ তিন মাসের অনুশীলন শেষে বাংলাদেশ জাতীয় হকি দল সোমবার বাংলাদেশ সোনাবাহিনীর বিরুদ্ধে একটিমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১১ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকি বাছাই টুর্নামেন্ট। টুর্নামেন্টে এশিয়ার আটটি দেশ অংশগ্রহন করবে।

জাতীয় হকি দলের কোচ জামাল হায়দার রোববার বিডিনিউজকে জানান, যেহেতু অনুশীলনে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন না তাই দলের কম্বিনেশন তৈরী করে নিতে টুর্নামেন্টের আগে আরও বেশি প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল।

সেনাবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোচ নিজেই তা একদিন পিছিয়ে দিয়েছেন। কারণ হিসেবে কোচ জানিয়েছেন চুড়ান্ত স্কোয়াড এখনও নিজেদের মধ্যেও কোন ম্যাচ খেলেনি।

কোচ জামাল আরও জানান, তিনি প্রথমে দেখবেন সিনিয়রদের অনুপস্থিতিতে নতুনরা কেমন খেলেন, তারপরই তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে খেলার জন্য চুড়ান্ত স্কোয়াড গঠন করবেন। দলের কম্বিনেশন খুঁজে পেতে সেনাবাহিনীর বিরুদ্ধে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন কোচ।

কোচ আরও জানান, এই মৌসুমে ঘরোয়া কোন টুর্নামেন্ট কিংবা লিগও মাঠে গড়ায়নি, খেলোয়াড়রাও অনেকদিন ধরে খেলা থেকে দুরে রয়েছেন। জাতীয় দল মালয়েশিয়াতে ২০০৩ সালে এশিয়া কাপে তাদের সর্বশেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছে।

নতুনদের নিয়ে গড়া দলে ডিফেন্সে নেই অভিজ্ঞ স্টপার ঈসা মিয়া। এই একটি জায়গা নিয়ে কোচ কিছুটা দুঃশ্চিন্তার মধ্যে থাকলেও দল নিয়ে আশাবাদী তিনি। দলের অন্যান্য বিভাগের তুলনায় আক্রমন ভাগই বেশি শক্তিশালী বলে মনে করেন কোচ জামাল।

প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়াতে সক্ষম অভিজ্ঞ প্লেমেকার মুসা মিয়া, আশিকুর রহমান এবং মিরাজুল আহসানের দলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে জামাল বলেন, রানা যদি অধিনায়ক শহিদুল্লাহ টিটুর সাথে ভালো পারফরম্যান্স দেখাতে পারতো তাহলে মাঝমাঠে কোন সমস্যা ছিলনা।

প্রস্তুতি ম্যাচের অপ্রতুলতা সম্পর্কে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী জানান, হকি দলের প্রস্তুতির অংশ হিসেবে বোম্বে হকি টুর্নামেন্টে চার - পাঁচটি ম্যাচ খেলার কথা থাকলেও ভারতীয় আয়োজকরা পরবর্তীতে নকআউট ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করায় তা আর সম্ভব হয়নি। 

তবে বাছাই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে আগে আসা কোন দলের বিরুদ্ধে দু’একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান বারী।

অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে সোমবার প্রথম আসবে সিঙ্গাপুর, এরপর মঙ্গলবার চাইনীজ তাইপে এবং বুধবার হংকং ঢাকায় পা রাখবে।

এদিকে ইন্দোনেশিয়া, ইরান, ওমান এবং শ্রীলঙ্কা এখনও তাদের আসার দিন তারিখ জানায়নি।