পেশাদার লিগের পরিকল্পনায় থেমে আছে ফুটবলারদের দলবদল
দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে ফুটবলের কোন ডামাডোল, কোন উত্তাপ - উত্তেজনা নেই বললেই চলে। থাকবেই বা কি করে, যাকে ঘিরে ফুটবল অঙ্গনে প্রাণের ছোঁয়া ফিরে আসে সেই খেলায়াড় দলবদলেরই তো খবর নেই।
দেশে প্রথমবারের মত পেশাদার ফুটবল লিগ চালু করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা বিভিন্ন ক্লাব এবং জেলা ক্রীড়া সংস্থার সাথে দল ঠিকঠাক করতে সিরিজ বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তবে পেশাদার লিগ কবে নাগাদ মাঠে গড়াবে সে সম্পর্কে ফুটবলের কর্তারাও কিছু জানেন না।
এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) প্রেসক্রিপশন মত দেশে পেশাদার লিগ চালু করতে গিয়ে এখনও অনেক সমস্যার কোন সমাধান খুঁজে পায়নি বাফুফে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে খেলোয়াড়দের দলবদল। দেশের ফুটবলের খোলনলচে বদলে ফেলার জন্য বন্ধ রয়েছে অনেক টুর্নামেন্টও।
সব মিলিয়ে ফুটবল অঙ্গনের যে চেহারা তাতে ফুটবলারদের অবস্থাই সবচেয়ে বেশি সঙ্গীন। সিনিয়র ডিভিশনে খেলেন এমন অনেক ফুটবলারই খেলাকেই পেশা এবং সংসার চালানোর প্রধান উপায় হিসেবে বেছে নিয়েছেন।
ফুটবলাররা জানেন না আবার কবে তারা ফুটবল মাঠে তাদের পরিশ্রমের ঘাম ঝরাবেন। ফলে চরম আর্থিক অনটনের মধ্যে থাকা খেলোয়াড়দের সাথে সাথে তাদের পরিবারগুলোর সামনেও এখন অনিশ্চয়তার অন্ধকার।
ফুটবলকে পেশা এবং আয়ের অন্যতম উৎস হিসেবে বেছে নেয়া জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয় খেলোয়াড়দের দলবদলে এই দীর্ঘসূত্রিতাকে মারাত্মক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
রোববার বিডিনিউজের সাথে আলাপকালে জয় বলেন, আমরা এক বছরের জন্য একটি ক্লাবের মাথে চুক্তিবদ্ধ হই, কিন্তু ১৮ মাস চলে যাচ্ছে, আমরা কবে আবার নতুন দল খুঁজে নিতে পারবো সে ব্যাপারে ফুটবল ফেডারেশন কোন দিকনির্দেশনা দিচ্ছে না, এ পরিস্থিতি কোন ভাবেই মেনে নেয়া যায় না।
জাতীয় দলের অধিনায়ক আরও জানান, যা হচ্ছে সেটা শুধু খেলোয়াড়দের জন্যই নয় দেশের ফুটবলের জন্য একটা বিরাট সমস্যা।
জয় বলেন, দেশে পেশাদার লিগ চালু করার ফুটবল ফেডারেশনের উদ্যোগটা ভালো কিন্তু তাদের প্রকৃত অবস্থা সম্পর্কেও চিন্তাভাবনা করা উচিত।
একজন ফুটবলারের খেলার সময় উল্লেখ করে জয় জানান, ফুটবলাররা বয়স বেশি হয়ে গেলে আর খেলতে পারেন না, আমাদের খেলা চালিয়ে যাওয়ার সময়টা খুবই কম, কিন্তু কর্তৃপক্ষ আমাদের এ সময়কে আরও কমিয়ে দিচ্ছে।
ফুটবল ফেডারেশন তাদের কথা না রাখতে পারলে ফুটবলাররা ফেডারেশনের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করবে বলে জানিয়েছেন জয়।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘ এবং জাতীয় দলের ডিফেন্ডার রজনী কান্ত বর্মনও দলবদলের অনিশ্চয়তায় শংকা প্রকাশ করেছেন।
শনিবার বিডিনিউজের সাথে কথা বলেন জাতীয় দলের এই ডিফেন্ডার। ‘আমি বুঝতে পারছি না ফুটবল ফেডারেশনে কি হচ্ছে-আমাদের এই মুহূর্তে কোন আয় রোজগার নেই।’ রজনীর কন্ঠে একই সাথে বিস্ময় এবং হতাশা ঝড়ে পড়েছে এভাবেই।
রজনী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়াম নিজেদের হাতে পেয়েও যদি আগের অবস্থাই বিরাজ করে তাহলে স্টেডিয়াম পেয়ে কি লাভ হলো?
রজনী বলেন, আগে যখন স্টেডিয়াম ভাগাভাগি করে খেলা হতো তখনও এর চাইতে ভালো অবস্থা ছিলো, হয়তো সময় মত লিগ শুরু হতো না কিন্তু আমরা খেলার সুযোগ তো পেতাম।
শেষে একটা কথাই বললেন রজনী- খেলাটাই আমাদের আয়ের প্রধান উৎস এবং আমাদের পরিবারগুলো এর ওপরই বেঁচে আছে। তাই আমরা যারা খেলার সাথে জড়িত কর্তৃপক্ষের এখন সময় এসেছে তাদের নিয়ে চিন্তা ভাবনা করার।
অনুরোধ, আবেদন যাই বলা হোক না কেন রজনীর এই কাতর কথার মধ্য দিয়ে পরিস্কার হয়ে যায় কতটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দেশের ফুটবলাররা।
এ ব্যপারে খেলোয়াড়দের উদ্বেগের কথা জানানো হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ফুটবলারদের হতাশ হওয়ার কারণ থাকতেই পারে, কিন্তু বিষয়টির ওপর তাদের পূর্ন নিয়ন্ত্রন নেই, তাছাড়া রক্ষণাবেক্ষণ কাজের জন্য সেপ্টেম্বরের আগে মাঠও পাওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, এটা হবে পেশাদার লিগের প্রথম মৌসুম। পেশাদার লিগ একবার চালু করতে পারলে ভবিষ্যতে আরও কোন সমস্যা হবে না বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক।
