জয়সুরিয়াকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে- ডি মেল
হার্ডহিটিং উদ্বোধনী ব্যাটসম্যান সনথ জয়সুরিয়াকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রীলঙ্কার নবনিযুক্ত জাতীয় ক্রিকেট দল নির্বাচক প্যানেলের চেয়ারম্যান আশান্থা ডি মেল।
তাছাড়া শ্রীলঙ্কা দলকে আশানুরূপ সার্ভিস দিতে ব্যর্থ কোচ টম মুডিরও সমালোচনা করেছেন ডি মেল।
গত বছর একটি অন্তবর্তীকালীন কমিটি ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহন করার পরই শ্রীলঙ্কার পারফরম্যান্স শুধু নিুগামীই হয়েছে। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ এবং টেস্ট র্যাংকিংয়ে চতুর্থ স্থান থেকে সপ্তম স্থানে নেমে যাওয়া, এ সবই শ্রীলঙ্কা দলের অধপতনের প্রমান।
‘সানডে আইল্যান্ড’র সাথে আলাপাকালে ডি মেল (৪৬) অভিযোগ করেন, নির্বাচক প্যানেলের সাবেক চেয়ারম্যান ললিত কালুপেরুমার চাপের কারণেই জয়সুরিয়া টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিস্ময়কর ঘোষণা দেন।
ডি মেল বলেন, তাকে (জয়সুরিয়া) অবসর নিতে বাধ্য করা হয়েছে এর যথেষ্ট প্রমান আমার কাছে রয়েছে। তার অবসরের ঘোষণা শুনে আমি বিস্মিত হয়েছি। একজন ক্রিকেটার অবসর নিতে চাইলে কোন সিরিজের আগেই সে তা করবে, কিন্তু এক্ষেত্রে তাকে বাধ্য করা হয়েছে। সে দেশকে অনেক দিয়েছে, তাকে সম্মান জানানো উচিত ছিল, কিন্তু তাকে এক কথায় ব্যাগ গুছিয়ে ঘরে চলে যেতে বলা হয়েছে।
৩৬ বছর বয়স্ক জয়সুরিয়ার জাতীয় দলে খেলার ব্যাপারে পূর্ন সমর্থন দিয়ে ডি মেল বলেন, জয়সুরিয়ার ফিটনেস সম্পর্কে কোন সন্দেহ নেই। দলের ক্রিকেটারদের নিয়ে ১০০ মিটার দৌড়ের আয়োজন করলে জয়সুরিয়াই প্রথম হবে বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।
এদিকে বৃহস্পতিবার থেকে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শ্রীলঙ্কার বর্তমান উদ্বোধনী জুটি ব্যর্থ হলে জয়সুরিয়াকে আবারও দলে নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান।
এ ব্যাপারে তিনি জানান, শ্রীলঙ্কা দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান- উপুল থারাঙ্গা এবং মাইকেল ভ্যানডর্ট, দু’জনই অনভিজ্ঞ। জয়সুরিয়াবিহীন শ্রীলঙ্কার উদ্বোধনী জুটির বিরুদ্ধে যেকোন বোলারই বল করতে পছন্দ করবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই উদ্বোধনী জুটি ব্যর্থ হলে সিরিজ নিশ্চিত করতে জয়সুরিয়াকে দলে নেয়া হতে পারে। সে অভিজ্ঞ এবং ক্রিকেটে দেওয়ার মত তার এখনও অনেক কিছু রয়েছে। এভাবেই জয়সুরিয়ার পক্ষে সোজাব্যাটে খেলেছেন ডি মেল।
শ্রীলঙ্কা দলের বর্তমান কোচ অস্ট্রেলিয়ার টম মুডি সম্পর্কে ডি মেলের কথা আরও পরিস্কার। তার মতে টম মুডি তার পূর্বসুরি ডেভ হোয়াটমোর কিংবা জন ডাইসনের মত সার্ভিস দিতে ব্যর্থ হয়েছে। মুডিকে শুধুমাত্র খেলার কৌশল সম্পর্কে কথা বলতে পারদর্শী একজন কোচ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
ডি মেল বলেন, মুডি প্রতিপক্ষের ফিল্ড প্লেসিং, দুর্বল দিক, শক্তিশালী দিকগুলো নিয়ে কথা বলবে, কিন্তু এটা করার চাইতে সে যদি মাহেলা জয়বর্ধনের ফুটওয়ার্কের দুর্বলতা দুর করতে কিংবা বোলার দিলহারা ফার্নান্ডোর নো বল করার প্রবনতা কমানো নিয়ে কাজ করতো তাহলে আমি খুশি হতাম।
ডি মেল পাল্টা প্রশ্ন করে বলেন, আমি বুঝতে পারছিনা জন ডাইসনের মত একজন পেশাদার দক্ষ লোককে কেন দেশে ফেরত পাঠানো হলো?
