চ্যম্পিয়ন্স ট্রফি’তে তৃতীয় আম্পায়ারের কাছে ক্রিকেটাররা আবেদন করতে পারবেন
মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তের বিষয়ে তৃতীয় আম্পায়ারের মতমত নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র আপত্তি থাকলেও ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে ক্রিকেটাররা প্রয়োজনে তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করতে পারবেন।
দুবাইয়ে আইসিসি’র ক্রিকেট কমিটির দু’দিনের সভায় সুপারিশকৃত এই বিষয়টি অক্টোবর--নভেম্বর মাসে শুরু হওয়া ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং টুর্নামেন্ট পরবর্তী সময়ে বিষয়টি পুনর্বিবেচনাও করতে বলা হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তাছাড়া সভায় আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে অবস্থানরত আম্পায়ারদের স্ট্যাম্পের সাথে সম্পৃক্ত মাইক্রোফোন ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
আইসিসি মহাপরিচালক (ক্রিকেট) ডেভিড রিচার্ডসন বলেন, “প্রতিটি দল প্রতি ইনিংসে তৃতীয় আম্পায়ারের কাছে তিনবার আবেদর করতে পারবেন। যদি আপিলগুলো সঠিক হয় তাহলে আপিল করার অধিকারটি বহাল থাকবে।”
তিনি আরও বলেন, “ক্রিকেটের গতিধারা বজায় রাখার জন্য প্রযুক্তি কতটা কাজে লাগানো যায় তা দেখার জন্যই মূলত এই নতুন বিধি প্রবর্তণ করা হয়েছে।”
আইসিসি ক্রিকেট কাউন্সিল বিষয়টি এখন আইসিসি’র প্রধান নির্বাহীদের সভায় পেশ করবেন। যদি সেখানেও অনুমতি দেওয়া হয় তাহলে তা পেশ করা হবে আইসিসি বোর্ড সভায়। উভয় সভাই লন্ডনে এ বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
