২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে ১৭ মার্চ ম্যাচের মধ্য দিয়ে ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। পরের ম্যাচেই ভারতের প্রতিপক্ষ দুর্বল শক্তির বারমুদা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

রাহুল দ্রাবিড়ের দল ২৩ মার্চ গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সম্ভবত এই ম্যাচের মধ্য দিয়েই বি গ্রুপের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়ে যাবে।

ভারত ২ মার্চ তাদের জন্য নির্ধারিত স্থান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছাবে। দুইদিনের অনুশীলন শেষ করে এশিয়ার অন্যতম ক্রিকেট শক্তি ভারত তাদের প্রথম অনুশীলন ম্যাচ খেলবে ৬ মার্চ হল্যান্ডের বিরুদ্ধে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিশ্বকাপ শিডিউল অনুযায়ী ভারত ৯ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে প্রস্তুতি ম্যাচ।

পরদিন অর্থাৎ ১০ মার্চ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মন্টিগো বে যাবে ভারতীয় দল।

জ্যামাইকায় ১৩ মার্চ ডি গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান খেলবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ন অর্থাৎ সেরা আটের লড়াই শুরু হবে ২৭ মার্চ থেকে। এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে- অ্যান্টিগা অ্যান্ড বারবুদা, গ্রেনাডা, গায়ানা এবং বার্বাডোজে।

জ্যামাইকা এবং সেন্ট লুসিয়াতে যথাক্রমে ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। আর ২৮ এপ্রিল বার্বাডোজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।