এসএ গেমসের জন্য ফুটবল দলের অনুশীলন অনিশ্চিত
আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের অনুশীলন শুরু করতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই মুহূর্তে দ্বিমুখী সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। অথচ শ্রীলঙ্কায় এসএ গেমসের খুব বেশ দেরি নেই। আগস্টেই বসবে গেমসের আসর।
বাফুফের প্রথম সমস্যাটি হচ্ছে তহবিল সংকট আর অন্যটি হচ্ছে অনুশীলনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে না পাওয়া।
এসএ গেমসের (সাফ গেমস নামেই বেশি পরিচিত) জন্য অন্য ইভেন্টগুলোর প্রস্তুতি পুরোদমে চললেও অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের অনুশীলন কবে নাগাদ শুরু হবে সেটা কেউই বলতে পারছেন না।
ফুটবল দলের আবাসিক ক্যাম্প রোববার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বাফুফে অনুশীলনের জন্য প্রাথমিক স্কোয়াড তো দুরের কথা ক্যাম্প শুরুর নতুন দিনক্ষনও নির্ধারন করেনি।
এসএ গেমসকে সামনে রেখে অনুশীলনের জন্য সবগুলো ফেডারেশনই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আর্থিক বরাদ্দ পেয়েছে। গেমসে ইভেন্টের গুরুত্বানুযায়ী ফিডারেশনগুলোর মধ্যে অর্থ বন্টনও করা হয়েছে।
এ প্রসঙ্গে বাফুফে’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার জানিয়েছেন, ফুটবল দলের ১০০ দিনের অনুশীলনের জন্য ৪১ লাখ টাকার বাজেট এক সপ্তাহ আগে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে দেওয়া হলেও তারা এখনও কিছু জানায়নি।
তিনি আরও জানান, ইসলামাবাদে গত সাফ গেমসের জন্য ফুটবল দলের দুই সপ্তাহের অনুশীলনের জন্য বিওএ’র কাছ থেকে পাঁচ -- ছয় লাখ টাকা পাওয়া গিয়েছিল কিন্তু এবার আর্থিক সমস্যা দেখা দিয়েছে।
হেলাল জানান, জাতীয় দলের এশিয়া কাপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে অংশগ্রহনের জন্য এবং বিভিন্ন বয়স ভিত্তিক দলগুলোর অনুশীলনের জন্য অর্থ বরাদ্দ দেওয়ায় নিজেদের তহবিল থেকে অর্থ ব্যয় করতে পারছে না বাফুফে।
অর্থ বরাদ্দ না পাওয়া গেলে ফুটবল দলের অনুশীলন চলবে কি চলবে না এমন প্রশ্নের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক কোন সদুত্তর দিতে পারেননি।
ফুটবল ফেডারেশন বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু করতে চাইলেও সেখানে ফুটবলারদের জন্য কোন খালি জায়গা নেই বলে জানিয়েছেন হেলাল। তাছাড়া ফুটবলাররা মতিঝিলস্থ বাফুফের ডরমিটরিতে থেকে অনুশীলনে আগ্রহী নয় বলে জানান বাফুফে সম্পাদক।
