২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান জন্টি রোডসকে দুই সপ্তাহের জন্য ফিল্ডিং প্রশিক্ষক নিয়োগ করেছে

ইংল্যান্ড সফরের পূর্বে পাকিস্তান জাতীয় দলের ফিল্ডিং কৌশলকে আরো নিখুঁত করার লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার জন্টি রোডসকে দুই সপ্তাহের জন্য ফিল্ডিং প্রশিক্ষক নিয়োগ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

কিংবদন্তি ইমরান খান ও জাভেদ মিয়াদাদ জন্টি রোডসকে দুই সপ্তাহের জন্য ফিল্ডিং প্রশিক্ষক নিয়োগের সমালোচনা করে বর্তমান কোচ বব উলমারের ভূমিকা নিয়েও তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক আব্বাস জাইদি অবশ্য আশা প্রকাশ করে বলেছেন, জন্টি রোডস-এর প্রশিক্ষনে পাকিস্তান দলে আত্মবিশ্বাস বাড়বে। 

আব্বাস বলেন অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যদি তাদের দলের ফিল্ডিং প্রশিক্ষক হিসেবে একজন বেজবল কোচকে নিয়োগ দিতে পারে তাহলে জন্টি রোডসকে পাকিস্তানের ফিল্ডিং প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করাটা অযৌক্তিক হবে না ।

পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অনেক উন্নতি করলেও ফিল্ডিং-এর ক্ষেত্রে এখনো তারা একটি দুর্বল দল হিসেবেই পরিচিত।

বব উলমার, মারে স্টিভেনসন এবং ফিজিও ডারিন লিপসন- এর পর চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে জন্টি রোডস্ পাকিস্তানের দলের সাথে যোগ দিলেন। জুন মাসের প্রথম সপ্তাহে  জন্টি রোডস পাকিস্তান যাচ্ছেন।

৩৭ বছর বয়সী রোডস্ এ পর্যন্ত ৫২ টি টেষ্ট এবং ২৪৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহন করেছেন। ২০০৩ সালে অবসর গ্রহনের পূর্ব পর্যন্ত তিনিই পৃথিবীর সেরা ফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন।

জুন মাসে ইংল্যান্ড সফরে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচে অংশগ্রহণ করবে।

পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্রে প্রথম টেস্টটি জুলাইয়ের ১৩ তারিখ লর্ডসে অনুষ্ঠিত হবে।