এনটিনির তোপে ভূপাতিত নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার দ্রুতগামী বোলার মাখায়া এনটিনির তোপের মুখে পড়ে শুক্রবার থেকে জোহানেসবার্গে শুরু হওয়া তৃতীয় টেস্টের প্রথম দিনে সফরকারী নিউজিল্যান্ড মাত্র ১১৯ রানে অলআউট হয়ে গেছে।
শুক্রবার ৩৫ রানে পাঁচ উইকেট নেওয়া এনটিনি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি তিন টেস্টের সিরিজে এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন। তাকে যোগ্য সহযোগিতা দিয়েছেন ডেল স্টিয়ন। তিনি নিয়েছেন ৪৩ রানে তিন উইকেট।
দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে। ম্যাচের প্রথম দিনে এখনই তারা এগিয়ে গেছে ১৪ রানে। এ জি প্রিন্স ও ডি ভিলিয়ার্স দু’জনেই একরান নিয়ে অপরাজিত রয়েছেন।
বোলিংবান্ধব উইকেটে শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে দলের দ্রুতগামী বোলাররা খুব বেশি সময় নেননি। দলের পক্ষে প্রথম আঘাত হানেন স্টিয়ন। স্টিয়ন তার প্রথম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ও দলের রানের খাতা খোলার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান জেমি হাউকে তৃতীয় স্লিপে দাঁড়ানো ভিলিয়ার্সের হাতে ক্যাচ বানিয়ে শূন্য রানে সাঁজঘরে পাঠিয়ে দেন।
একই স্কোরে আউট হয়ে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল পাপস। মাখায়া এনটিনির বলে বোল্ড আউট হন তিনি।
নিউজিল্যান্ডের বিপদ এখানেই কেটে যায়নি। দলীয় সংগ্রহ যখন ২, তখন নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা স্কট স্টাইরিসকে ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এনটিনি। তার সংগ্রহও শূন্য।
দলের এ প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে ক্রিজে সংগ্রাম করেন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও নাথান অ্যাসলে। স্টিয়নের বলে জ্যাক ক্যালিসের হাতে অ্যাসলে ক্যাচ তুলে দেওয়ার আগে তারা দু’জনে মিলে দলকে ৫৭ রানে নিয়ে যান। অ্যাসলে করেছেন ২০ রান।
স্টিফেন ফ্লেমিং দলীয় সর্বোচ্চ ৪৬ রান করে এনটিনির বলে উইকেটরক্ষক মার্ক বাউচারের হাতে ক্যাচ দিয়ে আসেন। অন্যান্যদের মধ্যে ফ্রাঙ্কলিন ১৯ ও জ্যাকব ওরাম ১৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় স্কোর এক রানের মাথায় তাদের প্রথম উইকেটের পতন ঘটে। কোনো রান না করেই বোয়েটা ডিপেনার মার্টিনের বলে বোল্ড আউট হয়ে যান। অবশ্য প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে খুব বেশি বেগ পেতে হয়নি প্রোটিয়াসদের।
অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হামিশ আমলা দ্বিতীয় উইকেট জুটিতে দলকে ৯৮ রান এনে দেন। প্রথমে সাঁজঘরে ফিরে যান স্মিথ। ফ্রাঙ্কলিনের বলে আউট হওয়ার আগে তিনি ৬৩ রান করেন। তার ৬৩ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।
দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ আফ্রিকা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়। একই স্কোরে সাঁজঘরে ফিরে যান ক্যালিস ও আমলা। স্টাইরিসের বলে পাপসের হাতে ক্যাচ দেওয়ার আগে আমলা ৯২ বলে ১০টি চারের সহায়তায় ৫৬ রান করেছেন। মার্টিনের বলে আউট হওয়া ক্যালিসের সংগ্রহ নয়।
সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
