গিবস ও বোয়েকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর চেষ্টায় বিসিসিআই
ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস ও নিকি বোয়েকে খেলতে দেওয়ার জন্য সে দেশের সরকারের সাথে আলোচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০০০ সালে এই দুই প্রোটিয়াসদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনা হয় এবং এর পর থেকেই ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার এড়াতে তারা আর ভারত সফর করেনি।
বিসিসিআই আশা করছে, কৃষিমন্ত্রী ও বোর্ড সভাপতি শারদ পাওয়ার বিষয়টি নিষ্পতি করতে সরকারকে রাজি করাতে সমর্থ হবে।
বিসিসিআই’র সেক্রেটারি নিরঞ্জণ শাহ বলেন, “আমরা গভীর আগ্রহে বোয়ে ও গিবসের খেলা দেখার অপেক্ষায় আছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সকল দল তাদের সেরা ক্রিকেটারদের পাঠাবে এটাই আমরা চাই।”
গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছ থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন বলে জানান নিরঞ্জণ শাহ ।
শাহ বলেন, “তারা আমাদের সুনামকে কাজে লাগাতে চায়। কিন্তু এর সাথে আইনগত বিষয় জড়িয়ে আছে।”
হার্শেল গিবস ম্যাচ গড়াপেটার জন্য অর্থ গ্রহন করার কথা স্বীকার করার পরে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে নিকি বোয়ে সবসময়ই এই বিষয়ের সাথে তিনি জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন।
১৬ অক্টোবর মুম্বাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
