আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে আইসিসি’র সভা
ক্রিকেট মাঠে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে কি না তা নিয়ে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ক্রিকেট কমিটির সভায় আলোচনা করা হবে।
শুক্র ও শনিবার দুবাইয়ে আইসিসি’র ক্রিকেট কমিটির সভায় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে আপিল করার বিষয়টি অনুমোদন করার পর যদি তা প্রধান নির্বাহি কমিটি ও আইসিসি বোর্ড সমর্থন করে তাহলে ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
এই নিয়ম যদি সফল হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টেও তা বহাল থাকবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আইসিসি’র মহাব্যবস্থাপক (ক্রিকেট) ডেভিড রিচার্ডসন বলেন, “২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকে বিগত টানা চার বছর ধরে আইসিসি প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার প্রতি উৎসাহ দেখিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ারদের শতকরা ৯৪ থেকে ৯৬ ভাগ সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে সেহেতু আমরা মনে করি বেশি সংখ্যাক সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানোর প্রয়োজন খুব একটা নেই। তবে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
