২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস হকির বাছাইয়ের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

আসন্ন এশিয়ান গেমস হকির বাছাই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন বৃহস্পতিবার ১৮ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন স্ট্রাইকার শামীম রেজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১১ থেকে ১৯ মে অনুষ্ঠিত বাছাই পর্বের খেলা। কাতারের দোহায় নভেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন প্লেমেকার শহিদুল্লাহ টিটু এবং ম্যানেজার হিসেবে রয়েছেন আবদুল্লাহ পিরু।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বাছাই পর্বের খেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইন্দোনেশিয়া।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার এক আন্তঃ মন্ত্রনালয় সভায় এ সকল সিদ্ধান্ত গৃহিত হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম, সাধারণ সম্পাদক শামসুল বারী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহীন মাহমুদ এবং যুগ্ম সম্পাদক রহমতউল্লাহ ও আলী ইমাম সভায় উপস্থিত ছিলেন।

শামসুল বারী জানান, সভায় টুর্নামেন্ট চলাকালীন সময়ে অংশগ্রহনকারী দলগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন, আইন শৃংখলা পরিস্থিতি রক্ষা, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে আলোচনা হয়।

বাংলাদেশ স্কোয়াড: রাসেল খান বাপ্পী, জাহিদ হোসেন, শামসুদ্দিন তুহিন, তাবিব -- ই -- নূর, হেদায়েতুল ইসলাম রাজীব, মশিউর রহমান, মাহমুদুর রহমান চয়ন, আসাদুর রহমান চন্দন, মাহবুব এহসান রানা, জাহিদুল ইসলাম রাজন, রাহুল কান্তি রায়, খন্দকার হাসান, শহিদুল্লাহ টিটু, রাসেল মাহমুদ জিমি, জাহেদ বিন তাবিব শুভ, শামীম রেজা, মাকসুদুল আলম এবং আশরাফুল ইসলাম শিশু।