যুক্তরাষ্ট্রে ওয়ান ডে সিরিজ আয়োজন করছে ভারত
এ বছর যুক্তরাষ্ট্রে একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সেক্রেটারি নিরঞ্জণ শাহ এই তথ্য জানান।
শাহ বলেন, “এ বছরের সেপ্টেম্বর মাসে উত্তর আমেরিকায় ওয়ান ডে সিরিজ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ওয়েস্ট ইন্ডজ এবং অস্ট্রেলিয়াও টুর্নামেন্টে অংশ নিতে পারে।”
গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, তহবিল গঠন এবং বিদেশে অবস্থানরত ভারতীয়দের খেলা দেখানোর জন্য ভারতীয় দল পরবর্তী পাঁচ বছর বিশ্বের বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুগুলোতে ২৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
হংকং, কানাডা, হল্যান্ড, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, আমেরিকা ও ইউরোপ হচ্ছে অন্যতম ভেন্যু।
শাহ জানান, যুক্তরাষ্ট্রে একটি টুর্নামেন্ট আয়োজন করলে কয়েক হাজার ভারতীয় ও ক্যারিবীয় দর্শকের সমাগম হবে।
লসএঞ্জেলস বা নিউ জার্সিতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এহসান মানি জানান, এই বিষয়টি দলগুলোর জাতীয় ক্রিকেট বোর্ডের আলোচনার বিষয়। তবে আইসিসি’র নির্ধারিত সময়সূচী ঠিক রাখতে হবে।
