আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ম্যাগ্রা
অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে দুরে সরে গেলেও ভারতে অক্টোবর মাসে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের মাধ্যমে আবারও মাঠে ফিরবেন। অস্ট্রেলিয়া দল নির্বাচকদের চেয়ারম্যান এন্ড্রু হিল্ডিচ এ তথ্য জানান।
ক্যানসারে আক্রান্ত স্ত্রী জেনির চিকিৎসার সময় পাশে থাকার জন্য স্বেচ্ছায় দল থেকে সাময়িকভাবে সরে যাওয়র সিদ্ধান্ত নেন ম্যাকগ্রা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
হিল্ডিচ বলেন, “নির্বাচকদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমি গ্লেন ম্যাকগ্রার সাথে কথা বলেছি। তিনি আবার শরীরচর্চায় মনোনিবেশ করেছেন। তবে এখনো তিনি বোলিং করা শুরু করেননি। তবে আমি মনে করি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি মাঠে ফেরবেন।”
তবে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ার জন্য ম্যাকগ্রাকে নিউ সাউথ ওয়েলস ক্লাবের ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্কের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরে স্টুয়ার্ট ক্লার্ক দারুণ বোলিং নৈপুণ্য দেখান।
