২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সারির আল মুহাররকের বিরুদ্ধে গোলশুন্য ড্র করেছে ব্রাদার্স

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এএফসি কাপের হোম ম্যাচে বাহরাইনের আল মুহাররক ক্লাবের দ্বিতীয় শক্তির দলের বিরুদ্ধে গোলশুন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অতিথি ক্লাবটির দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ড্র করেও খুশি ব্রাদার্স কোচ ওয়াজেদ গাজী। ম্যাচ পরবর্তী ব্রিফিংয়ে কোচ গাজী জানান, এমিলি একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের ফলাফলে তিনি সন্তুষ্ট।

ব্রাদার্সের পরবর্তী ম্যাচ ভারতের মহেন্দ্র ইউনাইটেডের বিরুদ্ধে ১৬ মে গোয়াতে। মহেন্দ্রর বিরুদ্ধে জয়ের আশাবাদ ব্যক্ত করে ব্রাদার্স কোচ বলেন, প্রথমার্ধে গোল খাওয়া চলবে না- এমন কৌশল অবলম্বন করায় সফল হয়েছে দল। তাছাড়া বিরতির পর স্ট্রাইকার তপু তার অবস্থান থেকে নীচে নেমে আসায় প্রতিপক্ষ গোলের কোন সুযোগই পায়নি বলে জানান প্রবীন এই কোচ।

অন্যদিকে প্রতিপক্ষ আল মুহরাররকের ম্যানেজার জামাল আলহজ্ব জানান, তার দল বৃহস্পতিবার স্থানীয় ক্রাউন কাপের সেমিফাইনাল এবং রোববার কিং কাপের সেমিফাইনালে খেলবে। আর এ জন্যই দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসা আল মুহাররকের সাথে মূল দলের মাত্র তিনজন ফুটবলার এসেছেন।

এএফসি কাপের কোয়ার্টারফাইনালে খেলার ব্যাপারে ৯৫ ভাগ আশাবাদী জামাল জানান, ফুটবলাররা গরম আবাহওয়ার কারণে ভালো খেলতে পারেনি।

পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আল মুহাররক। সমানসংখ্যক ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জর্ডানের আল আহেদ ক্লাব। গ্র“পের তলানীতে থাকা ব্রাদার্সের সংগ্রহ দুই পয়েন্ট।

নিজেদের মাঠে ব্রাদার্সকে ২ - ০ গোলে হারালেও জয়টা সহজসাধ্য ছিলো না বলে জানান মুহাররক কোচ। ব্রাদার্সকে তিনি ভালো দল হিসেবেই আখ্যায়িত করেছেন।

প্রচন্ড গরমের কারণে দুই দলের খেলোয়াড়রা প্রথম থেকেই ঢিমেতালে খেলে গেছেন। তবে বিক্ষিপ্ত কিছু আক্রমন হলেও সেসব আলোর মুখ দেখেনি। ৩৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাদার্স। কিন্তু স্ট্রাইকার এমিলি দিনের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন।

এমিলি প্রতিপক্ষের রক্ষনবুহ্য ভেঙ্গে ঢুকে গোলরক্ষক আব্দুল আজিজ বুহাজিহকে একেবারে একা পেয়ে যান। কিন্তু তরুণ এই স্ট্রাইকার আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে দলকে হতাশায় ডুবিয়ে দেন।

চার মিনিট পর আবারও সুযোগ পায় স্থানীয় দলটি। কিন্তু বাঁ দিক থেকে স্টপার মাসুদের নেয়া শটটি মুহাররকের গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

বিরতির পর পুরোপুরি রক্ষনাত্মক অবস্থানে চলে যায় ব্রাদার্স। এই সুযোগে বেশ কিছু আক্রমন চালায় আল মুহাররক। কিন্তু ব্রাদার্সের অতিথি গোলরক্ষক আমিনুল ইসলামের দৃঢ়তার কাছে অতিথি দলটির সব আক্রমনই মুখ থুবড়ে পড়ে।