২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ইংল্যান্ড উড়ে যাচ্ছেন আশরাফুল

 ‘বাংলাদেশের টেস্ট তারকা মোহাম্মদ আশরাফুল রেইনহিলের সাথে চুক্তিবদ্ধ হলেন’! ইংল্যান্ডের এই ক্লাবটির নিজস্ব ওয়েবসাইটে (www.rainhillcc.org) মোহাম্মদ আশরাফুলের ক্লাবের হয়ে খেলার খবরের হেডলাইনটি এমনই ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বিস্ময় নয় সত্যিই আশরাফুল স্থানীয় ইংলিশ লিগে লিভারপুলের রেইনহিল ক্রিকেট ক্লাবের সাথে পাঁচ মাসের চুক্তি করেছেন।

রেইনহিলের ওয়েবসাইটে আরও লেখা হয়েছে- ‘আপনি যদি মোহাম্মদ আশরাফুলকে সরাসরি দেখতে চান তাহলে চলে আসুন ক্লাবে, সম্ভব না হলে ওয়েবসাইটে আসন্ন ভিডিও হাইলাইটস দেখুন’।

আগামী ৬ মে ক্লাবটির নিজস্ব মাঠে নরলি হলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই বাংলাদেশের তারকা এই ব্যাটসম্যানকে ব্যাট হাতে দেখা যাবে বলে জানিয়েছে রেইনহিল।

এদিকে রেইনহিলের হয়ে খেলতে বুধবারই ইংল্যান্ড উড়ে যাচ্ছেন দেশের প্রতিভাবান এই ব্যাটসম্যান। তবে ক্লাবটির কাছে আশরাফুলের গুরুত্ব কতটুকু তা হয়তো তিনি নিজেই জানেন না। 

আশরাফুল শুধু জানেন, তিনি লিভারপুল ক্রিকেট লিগে রেইনহিলের হয়ে খেলতে ইংল্যান্ড যাচ্ছেন। আশরাফুল অবশ্য ইংল্যান্ড খেলতে যাওয়ার বিষয়টিকে দেখছেন ভিন্ন ধরনের পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ হিসেবে। তাছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের ব্যাডপ্যাচ কাটিয়ে উঠতে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে বিডিনিউজের সাথে আলাপাকালে জানিয়েছেন আশরাফুল।

গত গ্রীষ্মে কার্ডিফে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পাঁচ উইকেটে জয়ের পর ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেন মোহাম্মদ আশরাফুল।

রেইনহিলের সাথে পাঁচ মাসের চুক্তি হলেও ইংল্যান্ড অবস্থানকালে যেকোন ক্লাবের হয়ে খেলতে পারবেন আশাফুল। রেইনহিলের হয়ে খেলার সময় আশরাফুল ম্যানচেষ্টারে অবস্থান করবেন।