২০১১ ক্রিকেট বিশ্বকাপ: এসিসি’র বৈঠকের কথা স্মরণ করলেন সাবের হোসেন চৌধুরী
২০১১ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ হওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট একটা অর্জন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
‘বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশ ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হওয়ায় আমি খুবই আনন্দিত। এটা দেশের জন্য বিরাট এক অর্জন এবং সম্মানের ব্যাপার।’ এশিয়ার ২০১১ ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় বিডিনিউজের কাছে এ ভাবেই নিজের অভিব্যক্তি জানান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি।
কথা প্রসঙ্গে তিনি স্মৃতি হাতড়ে তুলে আনলেন কলম্বোতে এসিসি’র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) বৈঠকের বিষয়টি। এসিসি’র ওই বৈঠকে বাংলাদেশই প্রথম ২০১১ সালের বিশ্বকাপের সহ আয়োজক হওয়া প্রস্তাব দেয়। বলা হয়েছিলো ওই ক্রিকেট আসরের উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচ ঢাকায় আয়োজন করা হবে। সে সময় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী।
বৈঠকে উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামও প্রস্তাব করা হয় এবং ওই প্রস্তাবের সাথে সবাই একমত পোষণ করেছিল বলে জানান সাবের হোসেন।
তিনি জানান, কাগজপত্র খুঁজে দেখলে বিসিবি এর প্রমান পাবে এবং এই প্রমানের ভিত্তিতেই বোর্ডের উচিত ২০১১ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অথবা ফাইনাল ম্যাচ ঢাকায় আয়োজনের চেষ্টা করা।
