আল মুহাররক আসেনি, অন্ধকারে ফুটবল ফেডারেশন
এএফসি কাপে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাহরাইনের আল মুহাররক ক্লাবের রোববার ঢাকায় আসার কথা থাকলেও এখনও ক্লাবটির পক্ষ থেকে কোন যোগাযোগ করা হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ ফুটল ফেডারেশনও (বাফুফে) রয়েছে অন্ধকারে।
রোববার সকালে আল মুহাররকের ঢাকায় পৌঁছার কথা ছিল, এ ব্যাপারে বাহরাইনের ক্লাবটির পক্ষ থেকে বাফুফে’কে আগেই জানানো হয়েছিল। ফেডারেশনের কমিউনিকেশন ম্যানেজার সাঈদ আল ফাতাহ রোববার এ কথা জানিয়েছেন।
ফাতাহ জানান, মালদ্বীপের ম্যাচ কমিশনার ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। ম্যাচের রেফারীরাও সোমবার এসে যাবেন।
এ গ্রুপের শীর্ষ দল আল মুহাররকের সাথে ব্রাদার্সের ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল চারটায় শুরু হবে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আল মুহাররক তাদের হোম ম্যাচে ব্রাদার্সকে ২ -- ০ গোলে হারিয়েছে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া ব্রাদার্স ইউনিয়ন ভারতের মহেন্দ্র ইউনাইটেডের সাথে ২ -- ২ গোলে ড্র করে এক পয়েন্ট লাভ করেছে।
