এশিয়াতে বসবে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের আসর
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক হওয়ার গৌরব লাভ করেছে এশিয়া। দুবাইতে রোববার আইসিসির নির্বাহী কমিটির সভায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ বিডের বিপরীতে এশিয়া ১০ -- ৩ ভোটের ব্যবধানে বিশ্বকাপ আয়োজনের অধিকার লাভ করে।
আইসিসির সভায় এশিয়ার প্রতিনিধিত্ব করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ইন্দরজিত সিং বিন্দ্রা।
দেরিতে বিডে অংশ নেওয়ায় এশিয়ার স্বাগতিক হওয়ার ব্যাপারে কিছুটা শংকা ছিল। আইসিসি সভাপতি এহসান মানিও কিছুদিন আগে একই আশংকা প্রকাশ করেছিলেন। তবে ২০১১ বিশ্বকাপের হতে না পারলেও ২০১৫ বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপারে এহসান মানি সে সময় আশাবাদ ব্যক্ত করেছিলেন।
বিশ্বকাপ বিডে এশিয়ার প্রতিনিধিত্বকারী চার টেস্ট খেলুড়ে দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জন্য বিড প্রস্তাব জমা দেওয়ার প্রথম সময় নির্ধারিত ছিল গত মার্চে। কিন্তু পরবর্তীতে এই সময় বাড়িয়ে ২১ এপ্রিল নির্ধারন করা হয়।
বিডে এশিয়ার শক্ত প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া -- নিউজিল্যান্ডের সমন্বয়ে যৌথ বিড। এই দু’টি দেশের অবকাঠামোগত সুযোগ সুবিধা, পর্যাপ্ত ভেন্যু সুবিধা এবং করের ঝামেলা থেকে মুক্ত থাকার পাশাপাশি দুই দেশের সরকারের কার্যকর সহযোগিতার যুক্তি দেখিয়ে বক্তব্য দিয়েছিলেন ম্যালকম স্পিড।
বিশ্বকাপ বিডে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র ছিল দুই দেশের অবকাঠামোগত সুবিধা এবং এ ধরনের বড় ক্রীড়া আয়োজনের অভিজ্ঞতা। ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেটের সফল আয়োজক এই দু’টি দেশ তাদের যুক্তিমতে নিয়মানুযায়ী ২০১১ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার আশা করেছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও দুই দেশের পক্ষে ওকালতি করেছেন।
এ ক্ষেত্রে তার বক্তব্য ছিল- অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসের মত বড় ক্রীড়া আয়োজনের অভিজ্ঞতা এবং অবকাঠামোগত সুবিধাই ২০১১ সালের বিশ্বকাপের বিডে অস্ট্রেলেশিয়াকে এগিয়ে রাখবে।
অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস ছাড়াও রাগবি বিশ্বকাপও আয়োজন করে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার স্ফিত করে রেখেছিল অস্ট্রেলিয়া। তাছাড়া এ অঞ্চলের মানব সম্পদ বিরাট একটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেছেন সাদারল্যান্ড।
অন্যদিকে এশিয়ার যুক্তি ছিল প্রতি তৃতীয় বিশ্বকাপ ক্রিকেট এশিয়াকে আয়োজনের অধিকার দেওয়া উচিত।
এ ব্যাপারে ভাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শারদ পাওয়ার বলেন, আমাদের দাবী যুক্তিসঙ্গত। তার মতে বিশ্বের দশটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে চারটিই এশিয়ার দেশ। তাছাড়া এই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি অর্থ আয় হয়। আর এ জন্যই প্রতি তৃতীয় বিশ্বকাপ আয়োজনের এশিয়ার দাবী অত্যন্ত যুক্তিসঙ্গত।
এতসব বির্তক ছাপিয়ে শেষ পর্যন্ত এশিয়ার ভাগ্যেই শিকে ছিঁড়লো। ভোটাভুটিতে এশিয়া নিরঙ্কুশভাবেই এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তুলনায়।
