লারার দৃঢ়তায় জিম্বাবুয়ে ৫ উইকেটে পরাজিত
অধিনায়ক ব্রায়ান লারার অপরাজিত ৪০ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের উদ্বোধনী ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে পরাজিত করেছে।
এন্টিগুয়া বিনোদন মাঠে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানানোর পর সফরকারীরা নির্ধারিত ৫০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে স্বাগতিক উইন্ডিজ ৭৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে।
কিন্তু লারা ও দিনেশ রামদিন ৪৪ রানের জুটি বেঁধে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। রামদিন ৩৭ রান করে জিম্বাবুয়ের বোলার উতসিয়ার বলে বোল্ড হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ ১১ দশমিক ৪ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন জাস্টিস চিবহাবহা। তিনি ৯৯ বল মোকাবেলা করে এই রান করেন। তবে সফরকারীদের শেষ ৬ টি উইকেট শেষ ১০ ওভারে মাত্র ৩০ রানের মধ্যেই পতন ঘটে।
ইনিংস শুরুর প্রথম থেকেই সফরকারী জিম্বাবুয়ের নিয়মিত উইকেট পতন ঘটে। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান পিট রিনকি। উইন্ডিজ ফাস্ট বোলার টেইলরের বলে তিনি প্রথম স্লিপে দাড়ানো স্মিথের হাতে ক্যাচ তুলে দেন।
তবে জিম্বাবুয়ের অধিনায়ক তিরেন্স ডুফিন ও চিবহাবহা দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা দৃঢ়তা দেখান। এই জুটি মূল্যবান ৬৪ রান যোগ কের। অধিনায়ক ডুফিন ২৬ রান করার পর উইন্ডিজ বোলার স্মিথের বলে আউট হয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেইলর, ডোয়াইন ব্রেভো, ডোয়াইন স্মিথ ও ক্রিস গেইল প্রত্যেকেই ২ টি করে উইকেট তুলে নেন।
১৫৩ রান তোলার লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উদ্বেধনী ব্যাটসম্যান রুনাকো মরটিন রানের খাতা খোলার আগেই ফাস্ট বোলার এডওয়ার্ড রেইন্সফোর্ডের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন।
রান আইট হন রামনরেশ সারওয়ান এবং জিম্বাবুয়ের বোলার উতসিয়ার বলে অল্প রানেই ফিরে যান শিবনারায়ন চন্দরপল।
প্রোস্পার উতসেয়া হচ্ছেন জিম্বাবুয়ের সফর বোলার। তিনি ৩৫ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট।
এই জয়ের ফলে সাত ম্যাচের ওয়ান ডে সিরিজের ১--০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
