২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ায় সমালোচনার মুখে বাংলাদেশ

লড়াকু পরাজয় দিয়ে শুরু করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজটি হোয়াইটওয়াশ হওয়ার মধ্য দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষ হতে না হতেই দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সাবেকরা বাংলাদেশের বর্তমান দলটির ব্যাটিং এবং বোলিং নিয়ে কিছু প্রশংসা করলেও অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও সুযোগ হাতছাড়া করার জন্য ব্যাটসম্যানদের, বিশেষ করে যারা সফল ব্যাটসম্যানদের কার্যকর সহায়তা দিতে পারেননি তাদের ব্যর্থতাকেই দায়ী করেছেন।

বিডিনিউজের সাথে শনিবার আলাপকালে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানান, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি সফলতার গল্প হতে পারতো কিন্তু ক্রিকেটাররা সেটা করতে ব্যর্থ হয়েছেন।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, বাংলাদেশের শুরুটা ছিল খুবই সন্তোষজনক, শক্তিশালী প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলতেও সক্ষম হয়েছিল কিন্তু ক্রিকেটাররা পরে তা ধরে রাখতে পারেনি।

দলের এতসব ব্যর্থতার জন্য আকরাম খান ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাবকেই দায়ী করলেন।

সাবেক অধিনায়ক পাল্টা প্রশ্ন করে বলেন, টেস্টের ব্যাপারটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ওয়ানডেতে আমরা কি করেছি? ওয়ানডেতে আমাদের ক্রমাগত অধঃপতনই হয়েছে।

বাংলাদেশ দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে কোন সমালোচনা না করলেও আকরাম ব্যর্থতার সম্পূর্ন দায় চাপিয়েছেন ব্যাটসম্যানদের ওপর। আর এ ক্ষেত্রে তিনি দায়ীদের তালিকার ওপরের দিকে রেখেছেন দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের। 

তবে বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশারের ভূয়সী প্রশংসা করেছেন আকরাম খান।

আকরাম খান বলেন, টেস্টে রাজিন সালেহ এবং শাহরিয়ার নাফিস ভালো খেললেও ওয়ানডেতে তাদের মনোসংযোগের অভাব দেখা গেছে।

দল নিয়ে ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের শুরুটাকে স্বপ্নের মত আখ্যায়িত করলেও শেষ পর্যন্ত দল কোটি মানুষের আশা পূরণ করতে পারেনি বলে উল্লেখ করেছেন।

লিপু টেলিফোনে জানান, বাংলাদেশের শুরু ও শেষের মধ্যে বিস্তর ফারাক ছিল। আর কেনই বা বাংলাদেশের এমন অবস্থা হলো তার কোন সদুত্তরও নেই সাবেক এই অধিনায়কের কাছে।

লিপু বলেন, আমি মনে করি কোচ ডেভ হোয়াটমোরের এখন সময় এসেছে এই ধরনের ব্যর্থতার কারণ খুঁজে বের করার।

এক পর্যায়ে লিপু ওয়ানডেতে দলের ওই রকম লজ্জাজনক পরাজয়ের জন্য ক্রিকেটারদের দায়িত্বহীনতাকেই দায়ী করেন।

সাবেক অধিনায়ক বলেন, দেখুন, রাজিন সালেহ’র ফিরে আসাটা ছিল দুর্দান্ত, টানা তিন ম্যাচে সে রানও পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি করেছে? সে বারবারই নিজের তৈরী কিছু শট খেলার চেষ্টা করেছে। 

যেসব ব্যাটসম্যান দলকে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারবে তাদের নিয়েই কোচ ডেভের কাজ করা উচিত বলে মনে করেন লিপু। এক্ষেত্রে তিনি মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ এবং অলক কাপালীর নাম উল্লেখ করে বলেন কোচ এদের মত ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারেন।

বাংলাদেশ দলে এই মুহূর্তে খালেদ মাহমুদ, মুশফিকুর রহমান বাবু এবং সাইফুল ইসলামের মত অল রাউন্ডারের খুবই দরকার বলে মনে করেন লিপু।