২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের পারফরমেন্সে অসন্তুষ্ট বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে চলতি একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার দল নয় উইকেটে হেরে যাওয়ার পর দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাশার বলেন, দলের পারফরমেন্সে আমি মোটেই সন্তুষ্ট নই। আমরা যেভাবে সিরিজ শুরু করেছিলাম শেষটা তেমন হয়নি।

বাশার বলেন, এটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে আমার ধারনা নেই। সবকিছু ঠিকঠাকই ছিল। পরিস্থিতি, উইকেট, সবকিছুই ছিল আমাদের অনুকূলে। আমরা টসে জিতেছি। সুবিধা পেয়েছি। কিন্তু রান করতে পারিনি।

এ ধরনের বড় পরাজয়ের পর সিরিজে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হওয়া বাশারকে খুশি করতে পারেনি। তিন ম্যাচের ওডিআই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি।

পরাজয়ের জন্য বাশার একবার খেলোয়াড়দের ক্লান্তিকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছিলেন। এ ব্যাপারে বাশার বলেন, এটা হতে পারে। উপরের সারির ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছে। নতুন বলে রান করা সহজ। কিন্তু আমরা সুযোগকে কাজে লাগাতে পারিনি।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল বর্তমান পারফরমেন্সের চেয়ে অনেক বেশি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোর উপস্থিত ছিলেন। তার কণ্ঠেও বাশারের সুরই প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, এটি যে একটি বাজে পারফরমেন্স ছিল এতে সবাই একমত হবে। আমার প্রকৃত সক্ষমতা আমরা প্রতিফলিত করতে পারিনি বলে আমি লজ্জিত। পূর্ববর্তী তিনটি সপ্তাহ আমরা যেভাবে খেলেছি, এ পারফরমেন্স সে ক্রিকেটের উদাহরণ নয়।

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ ২--০ ব্যবধানে ও তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ ৩--০ ব্যবধানে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে উভয় সিরিজ জিতে নিয়েছে।