বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বিদেশি দর্শকদের উচ্চাশা প্রকাশ
নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার শুক্রবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দেখতে বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি নাগরিকরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে উচ্চাশা প্রকাশ করেছেন।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান যাই হোক না কেন, তাদের অনেকেই বিশ্বাস করেন, ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে ১৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে ও মধ্যাহ্নভোজের বিরতির সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
স্টেডিয়ামের প্যাভিলিয়ন প্রান্ত থেকে খেলা উপভোগ করেন অস্ট্রেলিয়ার সিডনির অধিবাসী ও প্রমীলা ক্রিকেট দর্শক জোডি ক্যারুয়ানা (৩০)। বাংলাদেশের সাংবাদিকদের সম্মিলিত আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ দেশের মধ্যে আমি নতুন কিছু একটা দেখতে পেয়েছি, যা আমাকে আশ্চর্য করেছে।
তিনি বলেন, পুলিশ যা করেছে তা ছিল ভয়ংকর একটি ব্যাপার। কিন্তু সাংবাদিকরা যা করেছে তা ভালো। তারা একে অপরের জন্য আন্দোলন করেছে। একে অপরের প্রতি সহমর্মিতার হাত প্রশস্ত করেছে।
জোডি ক্যারুয়ানা রাজধানী ঢাকার এক বেসরকারি সংস্থায় এক মাস ধরে কাজ করছেন। স্বদেশী উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট তার প্রিয় খেলোয়াড়। অস্ট্রেলিয়ার জন্য তিনি গর্বিত। তিনি বিশ্বাস করেন, চলতি বছরেই তার দেশ অ্যাসেজ পুনরুদ্ধার করতে সক্ষম হবে। উল্লেখ্য, ২০০৫ সালে ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া অ্যাসেজ ট্রফি হারিয়েছে।
অপর অস্ট্রেলীয় নাগরিক ক্যামেরন কিংওয়েল খেলা দেখতেই ফতুল্লা স্টেডিয়ামে এসেছেন। তিনি বিডিনিউজকে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখানে অস্ট্রেলিয়ার খেলার বিষয়টি খুবই ভালো একটি দিক। ২৮ বছরের ক্যামেরনের বাড়ি পশ্চিম অস্ট্রেলিয়া। তিনি ক্রিকেটকে ভালোবাসেন। বাংলাদেশ গ্রামীণ উন্নয়ন বোর্ডের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
চট্টগ্রামের ঘটনা অনেকের মতো তাকে মর্মাহত করেছে বলে ক্যামেরন জানান। তিনি বলেন, এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। এটা অচিন্ত্যনীয়।
বাংলাদেশ দলের উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট ও উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের খেলা তার ভালো লাগে বলে ক্যামেরন জানান।
সার্জন ডেভিডের নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিকেল টিমও বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ডেভিড বলেন, বাংলাদেশের শিঁকড়ে শিঁকড়ে ক্রিকেট ছড়িয়ে পড়ছে। ফতুল্লায় আসার পথে আমরা যাত্রা পথের অনেক স্থানে শিশুদের ক্রিকেট খেলতে দেখেছি।
ডেভিডের সাথেই ছিলেন নার্স লিয়োনি সিমন্স ও অপর অ্যানেসথেটিস্ট স্কট ফোরটি। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ জন দগ্ধ রোগীর চিকিৎসা করার দায়িত্ব নিয়ে এখন বাংলাদেশ সফর করছেন।
ডেভিড বলেন, চারদিকে হাজার হাজার সমস্যা উপেক্ষা করে বাচ্চাদের ক্রিকেট খেলার বিষয়টি ইতিবাচক একটা দিক।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন জন কয়েক ব্রিটিশ নাগরিক। অস্ট্রেলিয়াকে নয়, তারা সমর্থন করেছেন বাংলাদেশকে। ম্যাচ চলাকালীন সময়ে তাদের হাতে লাল-সবুজের বাংলাদেশের পতাকা পতপত করেছে। আর তারা খেলার অনেকটা সময় ‘বাংলাদেশ,বাংলাদেশ’ বলে চিৎকার করে স্বাগতিক দলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
অস্ট্র্র্র্র্রেলীয় ও ইংলিশ ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ডেনমার্ক থেকে আসা মরটিন ক্যাটেঞ্জ। যদিও তার দেশে ক্রিকেটের তেমন প্রচলন নেই, তারপরও তিনি খেলা দেখতেই মাঠে এসেছেন ও স্বাগতিক দলকে সমর্থন যুগিয়েছেন।
প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজে ২--০ ব্যবধানে ও তিন ম্যাচের ওডিআই সিরিজে ৩--০ ব্যবধানে সফরকারী অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে।
