অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশ
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ফেরার স্বপ্ন পুরন হলো না বাংলাদেশের। সেইসাথে বিফলে গেছে অধিনায়ক হাবিবুল বাশারের হার না মানা ৭০ রানের ইনিংসটি। ফতুল্লা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানেডে ম্যাচে ৬৭ রানে হেরে গেছে বাংলাদেশ।
আসলে উপায়ও ছিল না। আট রানের মধ্যে তিন ফ্রন্ট লাইন ব্যাটসম্যান ফিরে গেলে সেই ধাক্কা সামলে ওঠার মত অবস্থায় এখনও যে পৌঁছায়নি বাশারের দল, সেটি আবারও প্রমান হলো।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২ -- ০ ব্যবধানে জিতে নিলো অস্ট্রেলিয়া। ফতুল্লাতেই সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
সকালে অস্ট্রেলিয়াকে ২৫০ রানে বেঁধে ফেলেন মাশরাফি, রাজীবরা। আর এজন্য অসিদের খোয়াতে হয়েছে পাঁচটি উইকেট। অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে ২৫১ রানের জয়ের টার্গেট বাংলাদেশের জন্য কঠিন হলেও অসম্ভব ছিলো না। কিন্তু আবারও দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কান্ডজ্ঞানহীন ব্যাট চালানোটা অস্ট্রেলিয়ার বোলারদের কাজটা অনেক সহজ করে দেয়।
প্রতিভাবান ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে বিশ্রামে রেখে তার জায়গায় অলক কাপালীকে নিয়ে দলের ব্যাটিং গভীরতা বাড়াতে চেষ্টা করেছিলেন নির্বাচকরা। তাছাড়া নিয়মিত ওপেনার জাভেদ ওমরের পরিবর্তে শাহরিয়ারের সাথে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন রাজিন সালেহ। তুষার ইমরানকেও ঠেলে দেওয়া হয় ব্যাটিং অর্ডারের ওপরের দিকে। যেই ব্যাটিং নিয়ে এরকম ঘষামাজা সেই ব্যাটিংই ডুবিয়েছে টাইগারদের।
ব্রেট লি’র প্রথম ওভারের দ্বিতীয় বলের লাইন থেকে পা সরিয়ে নেওয়ারই সুযোগ পাননি শাহরিয়ার। স্কোর বোর্ডে রানের ঘর তখনও শুন্য। দর্শকরা আবারও নড়েচড়ে বসার চেষ্টা করছেন। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে নাথান ব্রাকেনের অফস্ট্যাম্পের বাইরে বলে রাজিন খোঁচা মেরে গিলক্রিস্টের হাতে নিজেকে সঁপে দিলে দর্শকরাও জমে যান।
চতুর্থ ওভারে আবারও আঘাত হানেন ব্রাকেন। এবারও অফের বল টেনে মারতে গিয়ে বোল্ড হন তুষার ইমরানের।
এরপর শুরু অধিনায়ক বাশার আর জাভেদ ওমরের সংগ্রাম। সত্যি বলতে এই জুটির ৬২ রানই বাঁচিয়েছে বাংলাদেশকে। দলের ঘোরতর বিপদের মধ্যে কিভাবে ব্যাট হাতে লড়াই করতে হয় সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এই দুই ব্যাটসম্যান। জাভেদ অবশ্য বেশিদুর যেতে পারেননি। ব্রাড হগের ধীরগতির বলটি জাভেদের ব্যাটে লেগে মিডঅনে লি’র হাতে চলে যায়। তবে জাভেদের ৫৬ বলে পাঁচটি চারের মাধ্যমে করা ৩৪ রানই বা কম কিসে।
জাভেদ -- বাশারের জুটি যদি বাংলাদেশকে বাঁচানোর জুটি হয় তাহলে পঞ্চম উইকেট জুটিতে বাশার -- খালেদের ৭৬ রানের পার্টনারশীপটিকে বলা যায় লড়াইয়ে ফেরার পথ প্রদর্শক। এই দুই ব্যাটসম্যান অসি বোলারদের রীতিমত হতাশায় পুড়িয়েছেন। এক রান দুই রান করে দলকে নিয়ে গিয়েছিলেন সম্মানজনক একটা অবস্থানে। কিন্তু চল্লিশতম ওভারে আবারও ছন্দপতন।
মাইকেল ক্লার্কের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন খালেদ মাসুদ। তবে যাওয়ার আগে খেলে গেছেন ৬২ বলে একটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানের একটি সংগ্রামী ইনিংস। অন্যপ্রান্তে তখনও অবিচল ছিলেন অধিনায়ক বাশার। মাসুদের পর সঙ্গী হিসেবে পেয়েছিলেন অলক কাপালীকে। ততক্ষনে অবশ্য হাফসেঞ্চুরিও করে ফেলেছেন বাংলাদেশের সফল এই অধিনায়ক। কিন্তু বাশারের ওই এক দোষ ৭০ -- এর ঘরে পৌঁছার পরই যেন তার ঘরে ফেরার তাড়া দেখা দেয়। এবারও সেই গন্ডি থেকে বের হতে পারেননি। তাছাড়া একে একে পরীক্ষিত সঙ্গীদের হারানোটাও বাশারের হতাশার কারণ হতে পারে।
ক্লার্কের একটি বলে সময়ের গন্ডগোল করে ফেলেন অধিনায়ক। বল চলে যায় মিড উইকেটে মাইক হাসির তালুতে। ১১৪ বলে সাজানো বাশারের ৭০ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ছয়টি।
দলের ব্যাটিংয়ের শক্তি বাড়াতে যাকে দলে নেওয়া সেই কাপালীও ১০ রান করে মিডউইকেটে ধরা পড়েন। শেষদিকে মাশরাফির ১৫ রান বাংলাদেশের পরাজয়কে শুধু বিলম্বিত করতে পেরেছে। ৪৮ ওভারে ১৮৩ রানেই থামে বাংলাদেশের লড়াই।
সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ফতুল্লার আউটফিল্ড, উইকেট সবই ছিল ব্যাটিং উপযোগী। দুই অসি উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট এবং সাইমন ক্যাটিচ দলকে দুরন্ত সূচনাও এনে দেন। উদ্বোধনী জুটিতে ৫৫ রান করেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ৫৫ থেকে ৬৫ এই দশ রানের মধ্যে নড়াইল এক্সপ্রেস মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। প্রথম সারির তিন ব্যাটম্যানকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকেও খেলায় ফিরিয়ে আনেন মাশরাফি। আউট হন গিলক্রিস্ট (৩২), ক্যাটিচ (২৬) এবং রিকি পন্টিং (৫)।
কিন্তু চতুর্থ উইকেট জুটিতে অ্যান্ড্রু সাইমন্ডস এবং মাইকেল ক্লার্ক ১৪০ রানের পার্টনারশীপ গড়ে দলকে ভগ্নদশা থেকে শক্ত অবস্থানে নিয়ে যান।
মাইকেল ক্লার্ক ৯০ বলে দু’টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে মোহাম্মদ রফিকের বলে অলক কাপালীর হাতে ক্যাচ দেন। কিন্তু অন্যপ্রান্তে ১০৩ রান করে অপরাজিত থেকে যান সাইমন্ডস। দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার জন্য এই একটি সেঞ্চুরিই যথেষ্ট। সাইমন্ডসের ১২৫ বলের ইনিংসে ছয়টি চার এবং দু’টি ছক্কার মারও ছিল। আর এই সেঞ্চুরিটিই সাইমন্ডসকে এনে দেয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
