২০১১ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সম্ভবনা এশিয়ার ক্ষীণ
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিষয়ে সম্মতি প্রকাশ করতে দেরি করার কারণে এশিয়া অঞ্চলের আয়োজক হওয়ার সম্ভবনা ক্ষীণ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানান।
আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি বলেন, “ক্রিকেট বিশ্বকাপ ২০১১ আয়োজনের বিষয়ে সম্মতি প্রকাশ করতে দেরি করার কারণে এশিয়ার জোরালো আবেদন দুর্বল হয়ে পড়েছে। যদি এশিয়া ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের অধিকার না পায় তাহলে আমি নিশ্চিত ২০১৫ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাবে তারা।”
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ যৌথভাবে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি’র কাছে আবেদন করেছে। অপরদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জোট বেধে ২০১১ বিশ্বকাপ আয়োজনের করতে বাছাইপর্বে অংশগ্রহণ করবে।
৩০ এপ্রিল দুবাইয়ে আইসিসি’র সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মানি বলেন, “আইসিসি’র সদস্য ১৩ টি দেশের ভোটদানের মাধ্যমে আয়োজক নির্বাচন করা হবে এবং যারা ৭ টি ভোট পাবে তারাই ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, “এশিয়ার ইতোমধ্যেই ৪ টি ভোট নিশ্চিত হয়েছে। তাদের এখনও ৩ টি ভোটের প্রয়োজন। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আবেদনটিও বিবেচনা করা হচ্ছে।”
১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল। অপরদিকে এশিয়া ১৯৮৭ ও ১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল।
