নিজেদের মাঠে আল উইদাতের বিরুদ্ধে ২ - ১ গোলে হারলো মোহামেডান
এএফসি কাপের কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করেছে জর্ডানের আল উইদাত ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২ -- ১ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে জর্ডানের ক্লাবটি।
বিজয়ী দলের ফরোয়ার্ড মোহাম্মদ সেলবাহাই একাই দুই গোল করেন। অন্যদিকে মোহামেডানের হয়ে একটি গোল পরিশোধ করেন নওয়াচুকু পল।
ম্যাচ শেষে মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক খেলার ফলাফলে তার সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন এটাই মোহামেডানের আসল সামর্থ্য। প্রতিপক্ষ আল উইদাত আম্মানে প্রথম ম্যাচে ৭ -- ০ গোলে জয়ের পর এই ম্যাচে কোন ঝুঁকি নেয়নি বলে মন্তব্য করেন মানিক।
মানিকের প্রতিপক্ষ জর্ডানের কোচ আদেল ইউসুফও একই কথা বলেছেন। তার দলের ফুটবলাররা কোন ঝুঁকির মধ্যে না গিয়ে স্বাভাবিক খেলাই খেলেছে। প্রথম ম্যাচের তুলনায় মোহামেডান নিজেদের মাঠে ভালো খেলেছে বলে উল্লেখ করেছেন আদেল ইউসুফ।
নিজেদের মাটিতে মোহামেডানকে ৭ -- ০ গোলে বিধ্বস্ত করা আল উইদাত ম্যাচে বলের ওপর নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে দুই প্রান্ত দিয়ে বেশিরভাগ আক্রমন চালিয়েছে।
অন্যদিকে মাঝমাঠের নিয়ন্ত্রন নিতে ব্যর্থ মোহামেডানের খেলায় ছিলনা কোন সুষ্ঠু পরিকল্পনার ছাপ। মিডফিল্ডে অভিজ্ঞ মতিউর মুন্না, আরমান আজিজি, চিবুইকি ইকেচুউই ডিভাইন এবং সেন্টু ছিলেন নি®প্রভ।
ম্যাচের শুরুতেই আল উইদাতের ফরোয়ার্ডরা একটি বল মোহামেডানের গোলবারের ওপর দিয়ে বাইরে না পাঠালে এগিয়ে যেতে পারতো। ৪৫ মিনিটে মোহামেডানও এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু অতিথিদের গোলমুখে বল পেয়েও ফরোয়ার্ডরা ব্যর্থ হলে সেটা আর সম্ভব হয়নি।
প্রথমার্ধের খেলা গোলশুন্যভাবেই শেষ হয়। ৬১ মিনিটে ডান দিকে থেকে ঈসা আলসাফাহ’র ক্রস ধরে মোহামেডান ডিফেন্ডারদের কাটিয়ে বল জালে ঠেলে দিয়ে ম্যাচের গোলবন্ধ্যাত্ব কাটান মোহাম্মদ সেলবাহাই।
দুই মিনিট পর আবারও ঈসার কর্নার কিক করা বলে মাথা ছুঁয়ে দ্বিতীয় গোলটিও করেন সেলবাহাই।
খেলার শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে পেনাল্টি থেকে মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন পল।
আল উইদাতের এক ডিফেন্ডার নিজেদের সীমানার মধ্যে মোহামেডানের ডিভাইনকে অবৈধভাবে বাধা দিলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান।
