বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার মোহামেডান - আল উইদাত ম্যাচ
আম্মানে ১৮ এপ্রিল যে দুঃস্বপ্নে ঘায়েল হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকায় ফিরতি ম্যাচে সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি আর চাইছে না তারা।
দুঃস্বপ্ন থেকে উত্তরণের লক্ষ্য নিয়েই মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্ডানের আর উইদাতের বিরুদ্ধে এএফসি কাপের ফিরতি ম্যাচ খেলতে নামবে মোহামেডান। বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে।
‘ভালো পারফরম্যান্সের মাধ্যমে আম্মানে দুঃস্বপ্নের পুনরাবৃত্তি রোধ করতে চাই’ সোমবার ক্লাব তাঁবুতে সাংবাদিকদের সাথে আলাপাকালে এমনটাই জানালেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক।
আম্মানে অ্যাওয়ে ম্যাচে জর্ডানের প্রতিপক্ষের বিরুদ্ধে ০ -- ৭ গোলে বিধ্বস্ত হয় জাতীয় লিগ চ্যাম্পিয়ন মোহামেডান।
টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে খেলতে হলে মোহামেডানকে ঢাকায় ৮ -- ০ গোলে জিততে হবে। আল উইদাতের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বিশাল জয় যে অসম্ভব সেটা ভালো করেই জানেন মানিক।
জাতীয় দলের সাবেক এই ফুটবলার জানান, আল উইদাতের বিরুদ্ধে কোন চমক ঘটানো যে অসম্ভব সেটা সবাই ভালো করেই জানেন।
আম্মানের সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে ফিরছে এর আগে দু’বার মুক্তিযোদ্ধা সংসদকে এএফসি কাপে নিয়ে যাওয়া এই কোচকে। বিশেষ করে ছয় মিনিটের ব্যবধানে দলের চার গোল হজমের কারণ তিনি এখনও খুঁজে ফিরছেন। আর সাত গোলে হারার ব্যাপারটি তো তার কাছে রীতিমত অবিশ্বাস্য।
অন্যদিকে আল উইদাতের কোচ আদিল ইউসুফ আম্মানে বড় জয়ে ফুটবলারদের প্রাপ্ত সুযোগ কাজে লাগানোকেই দেখছেন মূল কারণ হিসেবে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন কোচ আদিল, দলনায়ক হাইথাইম সামরিন এবং ক্লাব সভাপতি ইউসুফ আল মুকতাল।
মোহামেডাননের পক্ষে হোম গ্রাউন্ডে আল উইদাতের বিরুদ্ধে জয় পাওয়াটা কঠিন হবে বলে মনে করেন কোচ আদিল ইউসুফ। তবে ঢাকার অত্যাধিক তাপমাত্রার কারণে কিছুটা চিন্তিত দলের কোচ।
দলনায়ক সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন জয়ের ব্যপারটি। ঢাকায় জেতার জন্যই এসেছে তার দল এ কথাটিও জানাতে ভুল করেননি হাইথাইম। তবে প্রতিপক্ষ মোহামেডানকে সমীহ করেই আগের ম্যাচের স্মৃতি ভুলে যেতে চান অধিনায়ক।
জর্ডানের দলটিতে জাতীয় দলের ছয় ফুটবলার এবং অলিম্পিকে খেলার অভিজ্ঞতা সম্পন্ন চার ফুটবলার রয়েছেন বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি আল মুকতাল।
