২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিলক্রিস্টের ব্যাটে ভর করে বাংলাদেশকে চার উইকেটে হারালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া নয়, একা গিলক্রিস্টের বিরুদ্ধেই হেরেছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অ্যাডাম গিলক্রিস্ট ৭৬ রানের যে ঝড়ো ইনিংসটি খেললেন তাতেই কুপোকাত বাংলাদেশ। চার উইকেটে ম্যাচটি জিতে সিরিজে ১ -- ০ ব্যবধানে এগিয়ে গেল অস্টেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বাংলাদেশের ১৯৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ৪৪ ওভারে ছয় উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ ১৯৬ রানের যে জয়ের টার্গেট দিয়েছিল সেটা একজন গিলক্রিস্ট, পন্টিং কিংবা যেকোন অস্ট্রেলিয় ব্যাটসম্যান একাই করার সামর্থ্য রাখেন। কিন্তু বাংলাদেশের রান টপকাতেই সফরকারীদের হারাতে হয়েছে ছয়টি উইকেট। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া স্বল্প পুঁজির ওপর দাঁড়িয়েই বাংলাদেশের বোলাররা অসিদের ৪৪ ওভার পর্যন্ত যে আটকে রাখতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া। এর বাইরে ম্যাচ থেকে বাংলাদেশের হারানোর কিংবা পাওয়ার মত কিছুই ছিল না।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির শুরুটাও ছিল অনেকটা একাই ম্যাচ জিতে নেওয়ার মত। সাইমন ক্যাটিচ এবং অ্যাডাম গিলক্রিস্ট বাংলাদেশের দুই পেসার মাশরাফি এবং রাসেলকে খেলে গেছেন অবলীলায়। রানও এসেছে বানের পানির মত। ১১ তম ওভারে গিলক্রিস্ট যখন স্পিনার আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তখন দলের রান ৯৬। জয় থেকে ১০০ রান দুরে তখন বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্রিকেটবিশ্বে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে খ্যাত গিলক্রিস্ট ৭৬ রানের ঝড়ো এক ইনিংস খেলে একাই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন। ব্যক্তিগত ৩৯ রানে সৈয়দ রাসেলের কল্যানে একবার লাইফও পেয়েছেন গিলক্রিস্ট। কিন্তু নিজের ৪৫ তম ওয়ানডে হাফসেঞ্চুরিতে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে মাত্র ২৮, এতে বাউন্ডারি ছিল আটটি আর ছক্কা দু’টি। ৪৬ বলের পুরো ইনিংসে অবশ্য বাউন্ডারি রয়েছে নয়টি এবং ছক্কা আছে ছয়টি।  ঝড়ো এই ইনিংসটি গিলক্রিস্টকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।

কিন্তু এরপরই একটা ছোটখাটো মড়ক লাগে অসিদের ইনিংসে। ৯৬ থেকে ১৩৩ এই ৩৭ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে রীতিমত চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া। তিন উইকেটের মধ্যে আবার দু’টিই তুলে নিয়েছেন রাজ্জাক। আউট হন ক্যাটিচ (১৮), অ্যান্ড্রু সাইমন্ডস (০) এবং রিকি পন্টিং (১৪)।

পঞ্চম উইকেট জুটিতে মাইকেল ক্লার্ক এবং মাইক হাসি মূল্যবান ২২ রান করে দলকে কিছুটা হলেও চিন্তামুক্ত করেন। কিন্তু দলের ৩১ তম ওভারে আশরাফুল -- তুষার ইমরান কম্বিনেশনে ক্লার্ক (১৬) রানআউটের খাড়ায় কাটা পড়লে উত্তাল হয়ে ওঠে গ্যালারী। ১৯ রান পরই ব্রাড হগকে (৭) রাসেলের হাতে ক্যাচ দিতে বাধ্য করে খেলায় উত্তেজনা ছড়িয়ে দেন তুষার ইমরান।

কিন্তু শেষ পর্যন্ত ব্রেট লি’কে (অপরাজিত ১২) সাথে নিয়ে সব অঘটন আশংকাকে উড়িয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মাইক হাসি (অপরাজিত ৩৬) ।   

এবার ফেরা যাক বাংলাদেশের ইনিংসের দিকে। অনেকেই বলে থাকেন, সকাল দেখলে নাকি দিনের শেষটাও কেমন যাবে তা বোঝা যায়। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের যে চেহারা তাতে সকালেই হারের ভিত্তিটা গড়ে রেখেছিল স্বাগতিকরা। 

কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সেই সুখস্মৃতি কিংবা কয়েকদিন আগে ফতুল্লা টেস্টে পুরো ক্রিকেটবিশ্বকে চমকে দেওয়ার মত স্বপ্নও রোববার বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে এতটুকুও রেখাপাত করতে পারেনি। অন্তত সকালে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট চালানো দেখে তাই মনে হয়েছে।

কার্ডিফের সেই ম্যাচের পর থেকেই বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার বেশ কিছুদিন ধরেই ফুরফুরে মেজাজে রয়েছেন। কারণটা পরিস্কার -- শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দলের পারফরম্যান্স, একটি ওয়ানডে জয়, পরে কেনিয়াকে চার ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। সবই বাশারের মুখের হাসির কারণ। আর ইদানীং ম্যাচের মুদ্রা নিক্ষেপে প্রায়ই জিতছেন বাশার।

রোববারও শুরুটা হয়েছিল টস জেতার মধ্য দিয়ে। কিন্তু চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের অমন ন্যাড়া ব্যাটিং পিচেও শাহরিয়ার, আফতাব, বাশার, তুষার ইমরান আর খালেদ মাসুদরা যেভাবে আউট হয়েছেন তাকে সোজাসাপ্টাভাবে বললে আত্মাহুতিই বলা যায়। 

ম্যাচের ১২ তম ওভারের মধ্যেই দলীয় ২৬ রানে শাহরিয়ার, ৩৩ রানে রাজিন সালেহ এবং ৫২ রানে মোহাম্মদ আশরাফুল আউট হয়ে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে আফতাব আহমেদ এবং অধিনায়ক হাবিবুল বাশারের কাঁধে ইনিংস গড়ার দায়িত্বটা এসে পড়ে।

রাজিন (৭) ব্রাকেনের বলে থার্ড ম্যানে ব্রেট লি’র হাতে এবং শাহরিয়ার সেই লি’র বলেই গিলক্রিস্টের হাতে ধরা পড়েন। ভরসা ছিলো আশরাফুলের ব্যাটে। বেশ কয়েক ম্যাচেই রান পাচ্ছিলেন না এই লিটল মাষ্টার। কিন্তু দলের এমন বিপর্যয়ের মধ্যে ব্রাকেনকে মিডঅফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আশরাফুল (৫) যেভাবে উইকেট বিসর্জন দিয়েছেন এরজন্য অনেক আশরাফুল ভক্ত হয়তো তাকে ক্ষমা করে দেবেন কিন্তু আশরাফুল নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন কিনা সেটা তার ওপরই না হয় ছেড়ে দেয়া যাক। 

বড় একটা পার্টনারশীপের দিকে এগোচ্ছিলেন আফতাব -- বাশার। জুটিতে ২৭ টি মূল্যবান রানও যোগ করেন স্কোর বোর্ডে। কিন্তু দলের ৭৯ রানে ব্রেট লি’র দ্রুতগতির একটি বল আফতাবের ব্যাটে লেগে যেভাবে পয়েন্টে উঠে যায় তাতে অনেকক্ষণ বিস্ময়ের ঘোর কাটেনি চট্টলার এই তরুণের। আফতাবের সহজ ক্যাচটি তালুবন্দি করেন ক্লার্ক। আফতাবের ৩০ রানের ছোটখাট অথচ কার্যকর ইনিংসে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কার মারও ছিল।

তবে দলের বিপর্যয় সামাল দেওয়ার মূল কাজটা করেছেন বাশার, তুষার ইমরান এবং খালেদ মাসুদ। এর মধ্যে বাশার এবং তুষার ইমরানের পঞ্চম উইকেট জুটিতে ৩৮ এবং ষষ্ঠ উইকেট জুটিতে বাশার এবং খালেদ মাসুদ ৫৪ রান করেন।

বাশার করেছেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান। এই রান করার পথে তিনবার মাটি কামড়ে এবং একবার ফিল্ডারের মাথার ওপর দিয়ে বল সীমানা ছাড়া করেছেন বাংলাদেশ অধিনায়ক। তুষার ইমরান ৪০ বলে ২০ এবং মাসুদ ৩৫ বলে ২৮ রান করেন।

ইনিংসের শেষ দিকে মোহাম্মদ রফিক, মাশরফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল চারজনে মিলে সংগ্রহ করেন মাত্র ১১ রান, আর ২৪ রানের মধ্যে বাংলাদেশ শেষ চার উইকেট হারায়। ফলে ৪৭ তম ওভারেই ১৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংসের চাকা।  

বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামানোর মূল কাজটা করেছেন ব্রাড হগ। দশ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন হগ। এছাড়া ব্রেট লি এবং নাথান ব্রাকেন নিয়েছেন দু’টি করে উইকেট।

যেহেতু তিন ম্যাচের সিরিজ আর এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এখনও কার্ডিফের সুখস্মৃতি পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখতেই পারে। তবে অস্ট্রেলিয়াও চাইবে না আবারও সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। সিরিজের শেষ দু’টি ম্যাচ ফতুল্লায় ২৬ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ততদিন অপেক্ষা করতেই হচ্ছে ক্রিকেটপ্রেমীদের।