২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার লেবানন যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন

এএফসি কাপে লেবানিজ প্রতিপক্ষ আল আহেদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে ২১ সদস্যের ব্রাদার্স ইউনিয়ন দল রোববার সকালে বিমানে চড়ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

টুর্নামেন্টের এ গ্রুপ থেকে কোয়ার্টারফাইনালে ওঠার সম্ভাবনা থেকে অনেকটাই ছিটকে পড়েছে ব্রাদার্স। অন্যদিকে কোয়ার্টারফাইনালে খেলার আশা এখনও জ্বালিয়ে রেখেছে আল আহেদ। বৈরুত মিউনিসিপল স্টেডিয়ামে দু’দলের খেলাটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

শনিবার বিডিনিউজের সাথে আলাপকালে ব্রাদার্সের ম্যানেজার আমের খান মঙ্গলবারের ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূর্নতা পাবে কি পাবেনা সে সম্পর্কে কোন আশার বাণী শোনাতে পারেননি।

কিছুদিন আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু’দলের প্রথম সাক্ষাতে ব্রাদার্স হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগানো তো দুরের কথা উল্টো খেলার দ্বিতীয়ার্ধে দশ জনে পরিনত হওয়া আল আহেদের বিরুদ্ধে ৩ -- ১ গোলে বড় ব্যবধানেই হার মানে। শেষ দিকে তো প্রতিপক্ষের আক্রমন সামলাতেই হিমশিম খেতে হয়েছে ব্রাদার্স ডিফেন্ডারদের। এসবই আমের খানের কথা।

তাছাড়া সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের ৬ -- ১ গোলে হেরে যাওয়ার ঘটনায় দলের ফুটবলাররা মানসিক এবং শারীরিকভাবে আনফিট অবস্থায় রয়েছে বলে মনে করেন আমের খান। 

ব্রাদার্স ম্যানেজার জানান, এএফসি কাপেও ফুটবলারদের ওপর জাতীয় দলের সেই দুঃস্বপ্ন ভর করতে পারে। টুর্নামেন্টে বাংলাদেশের আরেক দল মোহামেডান স্পোর্টিং ক্লাব জর্ডানের আল উইদাতের বিরুদ্ধে ০ -- ৭ গোলে বিধ্বস্ত হওয়ার ঘটনাটিও ফুটবলারদের মনে রেখাপাত করতে পারে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার।

এদিকে মোহামেডানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলতে রোববার ঢাকা এসে পৌঁছাবে আল উইদাত ক্লাব। তবে জর্ডানের ক্লাবটি শনিবার বিকেল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন ফেডারেশনের এক কর্মকর্তা। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান -- আল উইদাত ম্যাচটি মঙ্গলবার বিকেল চারটায় শুরু হবে।