অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাংলাদেশের লক্ষ্য জয়
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর পুরো সিরিজকে ঘিরে দু’দলের অধিনায়কের চিন্তাতেই একই লক্ষ্য। অবশ্যই সেটি জয় ছাড়া ভিন্ন কছু নয়।
বাংলাদেশ অধিনায়ক যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাননা, বিপরীতে অসি অধিনায়ক রিকি পন্টিং আশা করছেন স্বাগতিকদের কাছ থেকে কঠিন লড়াই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ এখন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের শেষ দু’টি ওয়ানডে ফতুল্লায় ২৬ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে অধিনায়ক বাশারের মুখ থেকেও ঝড়ে পড়ল জয়ের আত্মবিশ্বাস। তিনি জানান, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, হোক সেটা অস্ট্রেলিয়া বা অন্য কোন দল, দিনটি যদি আমাদের হয় তাহলে ওয়ানডেতে জয় পাওয়া কোন চমক হবে না। এ সময় বাশারের সাথে কোচ ডেভ হোয়াটমোরও ছিলেন।
দলের টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব সম্পর্কে জানতে চাইলে বাশার জানান, টপ অর্ডারের ব্যাটিং নিয়ে একটা সময় আমরা সমস্যায় ভুগলেও সেই চিত্রটা এখন অনেকটাই বদলে গেছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা আগেরমত আর ভীত নন, আগের চাইতে তারা এখন অনেক ভালো অবস্থায় রয়েছেন।
টেস্টে দলের অনেকে আশানুরূপ খেলতে না পারলেও ওয়ানডেতে তারা ভালো করবেন বলে আশা করছেন অধিনায়ক।
তিনি জানান, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা হলেও আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব।
রোববারের ম্যাচে বাংলাদেশকে উদ্দীপনা জোগাবে নিঃসন্দেহে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের সুখস্মৃতি। তাছাড়া চলতি সিরিজের প্রথম টেস্টে ফতুল্লায় বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে টাইগাররা চেপে ধরেছিল সেটাও দলের জন্য একটা বাড়তি টনিক হিসেবে কাজ করবে।
ডেভ হোয়াটমোর বলেন, আমরা সব সময়ই এমন একটা ভাব করি যেন আমরা আমাদের পিচ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, কিন্তু পরবর্তীতে আর পিচ থেকে ফায়দা তুলে নিতে পারিনা।
অসি অধিনায়ক রিকি পন্টিং শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায়, ওয়ানডেতে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছেন না।
বাংলাদেশ বেশ কিছুদিন ধরে টেস্টের তুলনায় ওয়ানডেতে যে ভালো খেলছে তা স্বীকার করে নিয়েই পন্টিং জানান, ওয়ানডেতে বাংলাদেশ এখন দুর্বল প্রতিপক্ষ নয়।
নিজ দলের বোলিং এবং ফিল্ডিং কৌশল সম্পর্কে অসি অধিনায়ক জানান, এই দু’টি ক্ষেত্রে দলে বেশ কিছু অস্ত্র রয়েছে এবং যেকোন দলের ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠায় তার অস্ত্রগুলো সফল।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ড্যান কালেনের অর্ন্তভুক্তিকে তার জন্য একটি ভালো সুযোগ বলে উল্লখ করেন পন্টিং।
বাংলাদেশ সম্প্রতি কেনিয়ার বিরুদ্ধে ৪ -- ০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় ছাড়াও গত কয়েকমাসে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে। এর মধ্যে আবার অস্ট্রেলিয়ার কার্ডিফের সেই জয় তো রয়েছেই। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নয়টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে একটিতে।
