বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছে অস্ট্রেলিয়া
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে রোববার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর পুরো ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছে অসিরা।
অসি অধিনায়ক রিকি পন্টিং শনিবার স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায়, ওয়ানডেতে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছেনা।
বাংলাদেশ বেশ কিছুদিন ধরে টেস্টের তুলনায় ওয়ানডেতে যে ভালো খেলছে তা স্বীকার করে নিয়েই পন্টিং জানান, ওয়ানডেতে বাংলাদেশ এখন দুর্বল প্রতিপক্ষ নয়।
নিজ দলের বোলিং এবং ফিল্ডিং কৌশল সম্পর্কে অসি অধিনায়ক জানান, এই দু’টি ক্ষেত্রে দলে বেশ কিছু অস্ত্র রয়েছে এবং যেকোন দলের ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠায় তার অস্ত্রগুলো সফল।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ড্যান কালেনের অর্ন্তভুক্তিকে পন্টিং কালেনের জন্য একটি ভালো সুযোগ বলে উল্লখ করেন।
বাংলাদেশ ছাড়াও এখানে আসার পর অস্ট্রেলিয়াকে আরেক প্রতিপক্ষ- এখানকার অত্যাধিক তাপমাত্রার বিরুদ্ধেও লড়তে হয়েছে। তবে প্রথম কয়েকদিন তাপমাত্রার কারণে সমস্যায় পড়তে হলেও দল এখন অনেকটাই মানিয়ে নিয়েছে বলে জানান পন্টিং।
সফরকারীরা শনিবার পুরোদমেই অনুশীলন করেছে। দেড় ঘন্টার অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই ছিল।
বাংলাদেশ সম্প্রতি কেনিয়ার বিরুদ্ধে ৪ -- ০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় ছাড়াও কয়েকমাসে ওয়ানডেতে বেশ ভালো সময় কাটিয়েছে। এর মধ্যে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একটি জয় রয়েছে স্বাগতিকদের পাল্লায়। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নয়টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে একটিতে।
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরেজে ২ -- ০ ব্যবধানে হার মানে।
