২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বাংলাদেশ

ভালো খেলার আশা নয়, এবার জয়ের লক্ষ্য নিয়েই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোববার প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শনিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে অধিনায়ক বাশারের মুখ থেকেও ঝড়ে পড়ল জয়ের আত্মবিশ্বাস। তিনি জানান, প্রতিপক্ষ যে দলই হোক না কেন, হোক সেটা অস্ট্রেলিয়া বা অন্য কোন দল, দিনটি যদি আমাদের হয় তাহলে ওয়ানডেতে জয় পাওয়া কোন চমক হবে না। এ সময় বাশারের সাথে কোচ ডেভ হোয়াটমোরও ছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ এখন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সিরিজের শেষ দু’টি ওয়ানডে ফতুল্লায় ২৬ ও ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

টেস্টে দলের অনেকে আশানুরূপ খেলতে না পারলেও ওয়ানডেতে তারা ভালো করবেন বলে আশা করছেন অধিনায়ক।

দলের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে জানতে চাইলে বাশার জানান, ব্যাটিংয়ের চিত্রটা এখন অনেকটাই বদলে গেছে। ব্যাটসম্যানরা আগেরমত আর ভীত নন, আগের চাইতে তারা এখন অনেক ভালো অবস্থায় রয়েছেন।

রোববারের ম্যাচে বাংলাদেশকে উদ্দীপনা জোগাবে নিঃসন্দেহে কার্ডিফের ম্যাচের সুখস্মৃতি। তাছাড়া চলতি সিরিজের প্রথম টেস্টে ফতুল্লায় বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে টাইগাররা চেপে ধরেছিল সেটাও দলের জন্য একটা বাড়তি টনিক হিসেবে কাজ করবে। অধিনায়ক বাশার অবশ্য কার্ডিফের ম্যাচের তুলনায় দলের জন্য উদ্দীপক হিসিবে ফতুল্লা টেস্টকেই এগিয়ে রাখলেন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বিশ্বসেরা হলেও আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব।

ডেভ হোয়াটমোর বলেন, আমরা সব সময়ই এমন একটা ভাব করি যেন আমরা আমাদের পিচ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, কিন্তু পরবর্তীতে আর পিচ থেকে ফায়দা তুলে নিতে পারিনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে নয়টি ওয়ানডে খেলে আটটিতেই হেরেছে বাংলাদেশ। আর একটিমাত্র জয় এসেছে ওই কার্ডিফে।