ব্রাজিলের প্রাক্তন ফুটবল কোচ টেলে সানতানা আর নেই
ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবল কোচদের একজন টেলে সানতানা শুক্রবার ৭৪ বছর বয়সে বেলো হরিজন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। অন্ত্র জনিত রোগে তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সানতানা ১৯৮২ এবং ৮৬ সালের বিশ্বকাপে অংশগ্রহনকারী ব্রাজিল দলের কোচ ছিলেন। তার অধীনে সাও পাউলো পর পর দু’বার লিবারটাডোরেস কাপ জেতে।
পরিচ্ছন্ন ফুটবল খেলা প্রবর্তনে তিনি ছিলেন একজন অগ্রনী দূত। পরিচ্ছন্ন ফুটবল খেলা সম্পর্কে তিনি বলেন, ফুটবল হলো একটি শিল্প, কিন্তু তার মানে এই নয় যে অন্য খেলোয়াড়দের মেরে-কেটে বলের পেছনে ছুটতে হবে। অবৈধ উপায়ে বা ফাউল করে জেতার চেয়ে আমি হারকেই বেশি পছন্দ করবো।
সানতানার মৃত্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা ডি সিলভা শোক প্রকাশ করে জানিয়েছেন, সানতানা ছিল সেই অবিস্মরণীয় মানুষ যে ফুটবলকে গ্রহন করেছিল মহত্বের ও কৌশলের দৃষ্টিতে। প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন এবং শিল্পনিপূণ খেলার জন্য তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
ব্রাজিলের অধিনায়ক কাফু পিতৃপ্রতীম ও বন্ধু বৎসল সানতানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য কাফু একমাত্র ফুটবলার হিসেবে পর পর তিনটি বিশ্বকাপের চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহন করেছেন।
ব্রাজিলের বর্তমান ফুটবল প্রশিক্ষক কার্লোস আলবার্তো পেরেইরা সানতানার মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, সানতানা আমাদের জন্য অনুসরণীয় অনেক কিছুই রেখে গেছেন।
১৯৯৬ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে সানতানা অবসর গ্রহন করেছিলেন। ২০০৩ সালে ইস্কেমিয়া রোগে আক্রান্ত হলে সানতানার বাম পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছিল।
