২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের নজর এখন একদিনের ম্যাচের দিকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে স্বাগতিক বাংলাদেশ ২--০ ব্যবধানে হারলেও নৈপূণ্য বিবেচনায় তারা সিরিজের ফলাফল নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়। বরং বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোববার থেকে শুরু হতে যাওয়া একদিনের আন্তর্জাতিক সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশের টাইগাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি রোববার বন্দরনগরী চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি হবে ফতুল্লায় এ মাসের ২৬ ও ২৮ তারিখে।

প্রথম ম্যাচকে সামনে রেখে উভয় দলই শুক্রবার অনুশীলন করেছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টেই খেলা উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ও স্কোয়াডে থাকা সৈয়দ রাসেল এবং ওয়ানডে স্কোয়াডের একমাত্র নতুন মুখ তুষার ইমরানকে নিয়ে বাংলাদেশের কোচ ডেভ হোয়াটমোর শুক্রবার অনুশীলন করেছেন। দলের বাকি সদস্যরা হোটেলে বিশ্রামে কাটিয়েছেন।

দলের মিডল অর্ডারকে শক্তিশালী করতে টেস্ট স্কোয়াডে থাকা মানজারুল ইসলাম রানার পরিবর্তে ক্রিকেট নির্বাচকরা ব্যাটসম্যান তুষার ইমরানকে ডেকে পাঠিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সফর করা শ্রীলঙ্কার ‘এ’ দলের বিরুদ্ধে রান করার পুরস্কার হিসেবেই তিনি দলে ডাক পেয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে অস্ট্রেলিয়ার কোচ জন বুকানন ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসা ব্রেট ডোরে, সাইমন কাটিচ, ব্রাড হগ ও ড্যান কালেনকে অনুশীলন করিয়েছেন।

অবশ্য টেস্ট সিরিজ শেষে লেগ স্পিনার শেন ওয়ার্ন, ম্যাথু হেডেন, স্টুয়ার্ট ম্যাকগিল ও স্টুয়ার্ট ক্লার্ক দেশে ফিরে গেছেন।

বাংলাদেশ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। ২০০৫ সালে ইংল্যান্ডে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করতে সক্ষম হয়।